এই রিপোর্ট অনুসারে, শুধুমাত্র পুলিশকে খাবার সরবরাহের জন্য—আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন নিরাপত্তা দেওয়ার অজুহাতে খাতায়-কলমে খরচ দেখানো হয়েছে প্রায় ৬ কোটি ৩৩ লাখ টাকা।

মহসিন নাকভি
শেষ আপডেট: 14 July 2025 18:10
দ্য ওয়াল ব্যুরো: দলের পারফরম্যান্স যাচ্ছেতাই, বোর্ডের ভিতরেও ক্রমশ চড়ছে আর্থিক অনিয়মের পাহাড় (PCB Corruption)। পাকিস্তান ক্রিকেট বোর্ডে (PCB) নেমে এসেছে দুর্নীতির কালো ছায়া। অডিটর জেনারেলের (Auditor General) রিপোর্টে ফাঁস হল কোটি কোটি টাকার বেহিসেবি খরচ—যার কেন্দ্রে বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি (Mohsin Naqvi)।
এই রিপোর্ট অনুসারে, শুধুমাত্র পুলিশকে খাবার সরবরাহের জন্য—আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন নিরাপত্তা দেওয়ার অজুহাতে খাতায়-কলমে খরচ দেখানো হয়েছে প্রায় ৬ কোটি ৩৩ লাখ টাকা। করাচির হাই পারফরম্যান্স সেন্টারে (Karachi High Performance Centre) অনুর্ধ্ব-১৬ দলের তিন কোচকে বেআইনিভাবে নিয়োগ দিয়ে তাদের বেতন বাবদ খরচ ৫৪ লাখ টাকারও বেশি।
এছাড়াও উঠে এসেছে একাধিক অস্বচ্ছ লেনদেনের তথ্য। যথাযথ দরপত্র ছাড়াই বিলি করা হয়েছে টিকিট বিক্রির চুক্তি। মিডিয়া রাইটস দেওয়া হয়েছে বাজারদরের অনেক কম দামে। ফলে বোর্ডের ক্ষতি প্রায় ১৯.৮ কোটি টাকা। আন্তর্জাতিক সম্প্রচারের অধিকারও দেওয়া হয়েছে নিয়মবহির্ভূত পদ্ধতিতে।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ, গত বছর ফেব্রুয়ারি থেকে জুন—এই চার মাসে মহসিন নাকভির ব্যক্তিগত খরচের নামে বোর্ড থেকে নেওয়া হয়েছে ৪১.৭ লাখ টাকা। ইউটিলিটি বিল, গাড়ির তেল, বাসস্থান—সবই বোর্ডের খাতে পড়েছে। অথচ তিনি তখন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পদেও আসীন ছিলেন। সরকারি সুবিধা পাওয়া সত্ত্বেও বোর্ড থেকে একই খাতে টাকা নেওয়া হয়েছে, যা নিয়মের মধ্যে পড়ে না।
রিপোর্টে আরও বলা হয়েছে—বুলেটপ্রুফ গাড়ির ডিজেল বাবদ খরচ ১ কোটি ৯৮ লক্ষ টাকা। কোস্টার ভাড়ায় আরও ২.২৫ কোটি। ম্যাচ অফিসিয়ালদের বাড়তি পারিশ্রমিক বাবদ গিয়েছে ৩৮ লাখ টাকা। এমনকি মিডিয়া ডিরেক্টর নিয়োগেও নিয়ম ভাঙা হয়েছে—তাঁর বেতন মাসে ৯ লাখ টাকা।
২০২৩-২৪ মরসুমে বোর্ডের নেতৃত্বে ছিলেন দু’জন। জুন ২০২৩ থেকে জানুয়ারি ২০২৪—জাকা আশরাফ। তারপর ফেব্রুয়ারি থেকে বোর্ডের দায়িত্বে মহসিন নাকভি। তাঁর আমলেই দুর্নীতির অভিযোগ সবচেয়ে বেশি।
এই অবস্থায় পিসিবি-র উপর চাপ বাড়ছে। বিশেষ করে চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের মাটিতে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর বোর্ড ও নাকভিকে ঘিরে ক্ষোভের ঊর্ধ্বমুখী! নাকভির আমলে একাধিক কোচ, অধিনায়ক বদল হয়েছে। এখন দলের দায়িত্বে রয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন কোচ মাইক হেসন। টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলি আগা। আগামী ২০ জুলাই থেকে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে পাকিস্তান। তার আগে চলছে করাচিতে প্রশিক্ষণ শিবির। কিন্তু মাঠের বাইরে দুর্নীতির কেলেঙ্কারিতে ক্রিকেট প্রশাসন দিশেহারা। পিসিবি এখন কার্যত ব্যাকফুটে। আর নাকভিকে ঘিরে প্রশ্ন—শুধু পদ নয়, টাকাও কি তিনি ব্যবহার করেছেন নিজের খেয়ালে?