আমাদের শহরের ছেলে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করে দেশকে গর্বিত করেছে। এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়।

মহম্মদ সিরাজ
শেষ আপডেট: 7 August 2025 13:35
দ্য ওয়াল ব্যুরো: ব্রিটিশদের শাসন করে ঘরের ছেলে ঘরে ফিরেছেন। আর এই নিয়ে নিজামদের শহর আনন্দে উত্তাল। নায়ককে বরণ করে নিতে হায়দরাবাদ (Welcome in his hometown Hyderabad) কোনও কসুর রাখল না। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) যখন এয়াপোর্ট থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন, তখন সেখানে অগণিত জনতা তাঁর নামে জয়ধ্বনি দিচ্ছিলেন।
ইংল্যান্ড সফর শেষে একে একে দেশে ফিরছেন টিম ইন্ডিয়ার সদস্যরা। বুধবার মুম্বই হয়ে হায়দরাবাদে ফিরেছেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ ২-২ ব্যবধানে শেষ হয়েছে। এই সিরিজ মহম্মদ সিরাজের কাছে স্মরণীয় হয়ে উঠেছে।
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে টিম ইন্ডিয়ার প্রধান বোলার জসপ্রীত বুমরাহকে খেলানো হয়েছে তিনটি টেস্টে। আর বুমরাহ যে দুই টেস্টে খেলেননি, সেই দু’টিতেই জিতেছে ভারত। ওভালে শেষ টেস্টে মহম্মদ সিরাজ দুরন্ত বল করে ভারতকে খাদের কিনারা থেকে তুলে এনে জয়ের সরণিতে পৌঁছে দিয়েছেন। ওভালে না জিতলে সিরিজ খুইয়েই ফিরতে হতো টিম ইন্ডিয়াকে। ইংল্যান্ড সফর শেষে হায়দরাবাদে ফিরতেই সিরাজ পেলেন বীরের সংবর্ধনা।
VIDEO | Hyderabad: Cricketer Mohammed Siraj (@mdsirajofficial) returned to his hometown from London earlier today. Siraj grabbed a five-wicket haul in the second innings of the fifth Test at The Oval as India defeated England by six runs in a thriller to draw the series 2-2 on… pic.twitter.com/QiGhI5jAIK
— Press Trust of India (@PTI_News) August 6, 2025
২৩টি উইকেট নিয়ে সিরাজই সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন চারবার। এর মধ্যে ওভালের প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১০৪ রান দিয়ে নেন পাঁচটি উইকেট। অন্তিম টেস্টের শেষ দিন ইংল্যান্ডের জিততে প্রয়োজন ছিল ৩৫ রান, আর ভারতের দরকার ছিল চারটি উইকেট। সিরাজ তিন উইকেট নিয়ে ছয় রানে টিম ইন্ডিয়াকে জিতিয়ে মাঠ ছাড়েন।
ইংল্যান্ড সফরে ভারতের ভাল পারফরম্যান্সের অন্যতম কাণ্ডারি মহম্মদ সিরাজ ঘরে ফিরতেই উত্তাল হায়দরাবাদ। গোটা শহর জুড়েই চলছে উন্মাদনা। হায়দরাবাদ ক্রিকেট সংস্থাও (HCA) পরিকল্পনা নিয়েছে সিরাজকে সংবর্ধনা দেওয়ার। এইচসিএ-র এক শীর্ষ কর্তা পিটিআইকে বলেছেন, “আমরা এখনও সিরাজের সঙ্গে কথা বলিনি। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সিরাজকে সংবর্ধনা জানাতে বিশেষ আয়োজন করা হবে। ও সম্ভবত কিছুদিন হায়দরাবাদে থাকবে। আমাদের শহরের ছেলে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করে দেশকে গর্বিত করেছে। এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়।”