আজকের ভারত–পাক লড়াই শুধু মাঠে নয়, হবে সময়ের সঙ্গেও। দর্শক চায় প্রতিযোগিতা জমুক পুরোদস্তুর, বৃষ্টি যেন আবারও খেলার সবচেয়ে বড় ‘অতিথি’ হয়ে না ওঠে!

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 5 October 2025 14:11
দ্য ওয়াল ব্যুরো: মেয়েদের বিশ্বকাপের (Women’s World Cup 2025) গ্রুপ পর্বে আজ সবচেয়ে প্রতীক্ষিত লড়াই—ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan)! এক মাসে চতুর্থবার মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ, মঞ্চ এবার কলম্বো (Colombo)। যদিও মাঠের উত্তাপ আর মাঠের বাইরের বিতর্কের চেয়েও বড় প্রশ্ন দানা বেঁধেছে আকাশে, ঘনিয়েছে সংশয়: বৃষ্টি কি ভেস্তে দিতে পারে এত সাধের মহারণ?
শনিবার কলম্বোয় অস্ট্রেলিয়া–শ্রীলঙ্কা ম্যাচ বল না গড়িয়েই বাতিল। টসও হয়নি। দুই দলকে ভাগ করে দেওয়া হয়েছে পয়েন্ট। কিন্তু আজকের পূর্বাভাস কিছুটা আশার—আবহাওয়া তুলনায় অনুকূল, তবে পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার উপায় নেই। কারণ সংস্থা ‘অ্যাকিউওয়েদার’-এর (AccuWeather) পূর্বাভাস অনুযায়ী, সকালে হালকা বৃষ্টি হতে পারে, যার প্রভাবে টস পিছোতে পারে কিছুটা। তবে দুপুর গড়াতেই আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা প্রবল। সন্ধ্যা নাগাদ আবারও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ইঙ্গিত মিলছে, বিশেষ করে ম্যাচের দ্বিতীয়ার্ধে রান তাড়া করার সময়। অর্থাৎ, মাঠের পাশাপাশি মনোযোগ রাখতে হবে আকাশেও।
তবে বৃষ্টি হলেও চিন্তার কারণ কম। কারণ কলম্বোর মাটি বৃষ্টির সঙ্গে খুব ভালভাবে খাপ খাইয়ে নিতে পারে। এখানকার গ্রাউন্ড স্টাফ বিশ্বমানের। তাঁরা সবসময় সীমারেখার ধারে মোতায়েন, আকাশে কালো মেঘের ইঙ্গিত পেলেই মুহূর্তে ঢেকে ফেলেন পুরো ইনফিল্ড। বৃষ্টি থামলেই বিশেষ নিষ্কাশন ব্যবস্থা ভিতর থেকে বাইরে জল সরিয়ে নেয়, যাতে যত দ্রুত সম্ভব খেলা শুরু করা যায়।
পিচ রিপোর্ট বলছে, উইকেট আজ ব্যাটিং-বান্ধব। গত ম্যাচে (যদিও তা বৃষ্টিতে বাতিল) কিউরেটররা বাইশ গজে মরা ঘাসের আস্তরণ রেখেছিলেন কিছুটা গতি আনার জন্য। এমন অবস্থায় সংক্ষিপ্ত ম্যাচ হলে রানের বন্যা দেখার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সব মিলিয়ে, আজকের ভারত–পাক লড়াই শুধু মাঠে নয়, হবে সময়ের সঙ্গেও। দর্শক চায় প্রতিযোগিতা জমুক পুরোদস্তুর, বৃষ্টি যেন আবারও খেলার সবচেয়ে বড় ‘অতিথি’ হয়ে না ওঠে!