নাকভি বলেছেন, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যক্তিগতভাবে এসিসি অফিসে এসে ট্রফিটি নেওয়া উচিত।

মহসিন নাকভি
শেষ আপডেট: 1 October 2025 14:07
দ্য ওয়াল ব্যুরো: পরিস্থিতির চাপে পড়ে কিছুটা পিছু হটলেও এশিয়া কাপ ট্রফি (Asia Cup Trophy) নিয়ে নাটক অব্যাহত রাখলেন পিসিবি চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। জানা গিয়েছে এসিসির সভায় বিসিসিআইয়ের কাছে ক্ষমা চেয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভি (Mohsin Naqvi apologizes to BCCI)। তবে তিনি এশিয়া কাপ ট্রফি ভারতকে দিতে শর্ত চাপিয়েছেন (Sets condition)। নাকভি বলেছেন, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যক্তিগতভাবে এসিসি অফিসে এসে ট্রফিটি নেওয়া উচিত। এর অর্থ ট্রফি নিয়ে চলমান বিতর্ক এখনও শেষ হয়নি।
টিম ইন্ডিয়া ২০২৫ সালের এশিয়া কাপের ফাইনাল ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপের খেতাব জিতেছে। ভারতের খেতাব জয়ের পর ট্রফিটি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়, যা এখনও থামেনি। ভারত পিসিবি এবং এসিসির চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ২০২৫ সালের এশিয়া কাপ ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর পর বিতর্ক শুরু হয়েছিল। ফাইনালের পর মহসিন দীর্ঘক্ষণ মঞ্চে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু সূর্যকুমার ব্রিগেড তাঁর হাত থেকে ট্রফি নেয়নি। এর পরে, মহসিন নাকভি মঞ্চ থেকে নেমে এসে ট্রফি এবং পদক সরাসরি তাঁর হোটেলে নিয়ে যান।
টিম ইন্ডিয়া সদস্যরা অবশ্য ট্রফি ছাড়াই উদযাপন করে তাঁদের হোটেলে ফিরে যান। পরে বিসিসিআই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে অবিলম্বে ট্রফি ফিরিয়ে দিতে বলে এবং এমনকি যদি তিনি তা না করেন তবে আইসিসিতে অভিযোগ দায়ের করার হুমকিও দেয়।
৩০ সেপ্টেম্বর, একটি ভার্চুয়াল এসিসি সভায় বিসিসিআই এবং পিসিবির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়, এই সময় মহসিন বিসিসিআইয়ের কাছে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু তিনি ট্রফির বিষয়ে অনড় ছিলেন। আজ ১ অক্টোবর লাহোরের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে নাকভির। তার আগে তিনি বলেছেন, যদি ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যক্তিগতভাবে এসিসি অফিসে আসেন, তবেই তিনি ভারত অধিনায়কের হাতে ট্রফিটি তুলে দেবেন।
নাকভির এই প্রস্তাবের জবাবে বিসিসিআই বলে যে, তারা ট্রফিটি নিতে আসবে না। তারা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে কখনওই ট্রফি নেবে না।