ম্যাচ শেষে ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর দলের টপ অর্ডারের কঠোর সমালোচনা করেছেন।

হরমনপ্রীত কউর
শেষ আপডেট: 10 October 2025 13:55
দ্য ওয়াল ব্যুরো: গতকাল মহিলাদের ওডিআই বিশ্বকাপের (Women’s ODI World Cup) ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল ভারত (India vs South Africa)। টিম ইন্ডিয়ার টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ার পর (Top Order Failure) বাংলার রিচা ঘোষের দুরন্ত ব্যাটিংয়ে সম্মানজনক স্কোরে পৌঁছয় ব্লু টাইগ্রেসেস। এরপর ভাল শুরু করেও ভারতের বোলাররা দলকে জেতাতে পারেনি। তিন উইকেটে হেরে যায় হরমনপ্রীত কউরের (Harmanpreet Kaur) ব্রিগেড।
ম্যাচ শেষে ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর দলের টপ অর্ডারের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, ব্যাটাররা দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছে, যার ফলে দলকে মূল্য দিতে হয়েছে।
হ্যারি বলেছেন "টপ অর্ডার হিসাবে আমরা দায়িত্ব নিইনি। আমাদের পরিস্থিতির মোড় ঘুরিয়ে ভাল স্কোর করতে হবে। টুর্নামেন্টটি দীর্ঘ, তাই আমাদের ইতিবাচক থাকতে হবে। এটি একটি কঠিন ম্যাচ ছিল, কিন্তু আমরা এটি থেকে অনেক কিছু শিখেছি।"
প্রথমে ব্যাট করতে নেমে ভারত ১০২ রানে ছয় উইকেট হারিয়ে ফেলে, কিন্তু উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষ দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। তিনি ৭৭ বলে ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ১১টি চার এবং পাঁচটি ছক্কা। ভারতকে ২৫১ রানের সম্মানজনক স্কোরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর ইনিংসটি গুরুত্বপূর্ণ ছিল।
হরমনপ্রীত রিচার প্রশংসা করে বলেন, "রিচা আমাদের জন্য দুর্দান্ত খেলেছে। যেভাবে সে ব্যাট করেছে তা প্রশংসনীয়। সে বড় স্কোর করতে পারে এবং আশা করি রিচা এভাবেই চলবে।"
দক্ষিণ আফ্রিকার হয়ে নাদিন ডি ক্লার্ক ৫৪ বলে অপরাজিত ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি, এল ওলভার্ড (৭০) এবং ক্লোই ট্রিয়ন (৩৯) এর সঙ্গে মিলে দলকে দুরন্ত জয় এনে দেন। ডি ক্লার্ককে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। ম্যাচের পর ডি ক্লার্ক বলেন, "ভারতকে তাদের ঘরের মাঠে হারানো সবচেয়ে বড় অর্জন। আমরা খেলাটিকে গভীরভাবে নিয়ে জিতেছি।"
ম্যাচের পর প্রোটিয়া অধিনায়ক এলি ওলভার্ড বলেন, "আমি আমার কেরিয়ারে ডি ক্লার্কের মতো এরকম ইনিংস আগে দেখিনি। এটি ছিল বিশেষ। আমরা কিছুটা সমস্যায় ছিলাম, কিন্তু ও আমাদের ম্যাচে ফিরিয়ে জয় এনে দিয়েছে।"
প্রোটিয়াদের কাছে পরাজয়ই ছিল টুর্নামেন্টে ভারতের প্রথম হার। এর আগে তারা শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়েছিল। অধিনায়ক হরমনপ্রীত স্পষ্টভাবে বলেছেন, দলকে মানসিকভাবে শক্তিশালী থাকতে হবে এবং ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। এই পরাজয়ের ফলে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের পরে থেকে ভারত পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। ভারতের পরবর্তী ম্যাচ ১২ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।