সুনীল ছেত্রী এদিন জানিয়েছেন, বিরাট কোহলি লন্ডন থেকে তাঁর ফিটনেস পরীক্ষার প্রাপ্ত স্কোর তাঁর সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন।

সুনীল ছেত্রী ও বিরাট কোহলি
শেষ আপডেট: 7 September 2025 19:08
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি (Virat Kohli) ও সুনীল ছেত্রীর (Sunil Chhetri) সম্পর্কের রসায়নের কথা কারওরই অজানা নয়। ভারতীয় ক্রীড়া জগতের এই দুই মহাতারকার মধ্যে রয়েছে গভীর বন্ধুত্ব। একে অপরকে সোশ্যাল মিডিয়ায় সব সময়ই ফলো করেন। আলোচনা হয় নিজেদের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়েও। এবার সুনীল জানালেন, লন্ডনে হওয়া ফিটনেস টেস্টের রিপোর্ট (Fitness Test Report) তাঁকে পাঠিয়েছিলেন বিরাট কোহলি।
ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী এদিন জানিয়েছেন, বিরাট কোহলি লন্ডন থেকে তাঁর ফিটনেস পরীক্ষার প্রাপ্ত স্কোর তাঁর সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন।
সম্প্রতি জানা গিয়েছিল, বিসিসিআইয়ের তত্ত্বাবধানে লন্ডনে হয়েছে বিরাট কোহলির ফিটনেস পরীক্ষা। এরপর নানা দিক থেকে সমালোচনা আসতে শুরু করে দেয়। সকলেরই অভিযোগ ছিল রোহিত শর্মা-সহ অন্যান্য ক্রিকেটাররা যখন বেঙ্গালুরুতে অবস্থিত সেন্ট্রাল অব এক্সিলেন্সে গিয়ে ফিটনেস পরীক্ষা দিচ্ছেন, তখন বিরাটের জন্য অন্য ব্যবস্থা কেন।
একটি পডকাস্টে কথা বলতে গিয়ে সুনীল ছেত্রী কোহলির ফিটনেস রুটিনের প্রশংসা করেন। ভারতের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক সুনীল সেখানে বলেন, কোহলি লন্ডন থেকে তাঁর ফিটনেস পরীক্ষার স্কোর তাঁর সঙ্গে ভাগ করে নিয়েছেন। তবে, প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক কোহলি কোন কোন পরীক্ষাগুলি দিয়েছেন তা প্রকাশ করেননি।
ছেত্রী বলেন, “কিছুদিন আগে কোহলি লন্ডনে হওয়া তাঁর ফিটনেস পরীক্ষার স্কোর আমাকে পাঠিয়েছিলেন। এটা খুবই মজার এবং এই ধরনের লোকদের সঙ্গে পরিচিত হওয়াটা দারুন লাগে। খারাপ দিনে যখন আপনি একটু অলস বোধ করেন, তখন আপনি তাঁদের দিকে তাকান এবং ভাবেন, চল এখনই এটা করা যাক। সবাই বিরাট কোহলি বা রোনাল্ডো হতে চায়, এবং তাঁদের দু’জনের জন্যই নিজেদের জায়গা ধরে রাখা অবিশ্বাস্য।”