অ্যাডিলেডে কোহলির রেকর্ড অসাধারণ। কিন্তু এবার হয়তো এটাই শেষ দেখা। আপাতত তৃতীয় ম্যাচেই বোঝা যাবে, সিরিজে ফিরবেন কি না।
.jpeg.webp)
বিরাট কোহলি
শেষ আপডেট: 23 October 2025 11:18
দ্য ওয়াল ব্যুরো: স্বপ্নের প্রত্যাবর্তন রূপ নিল বিপর্যয়ে। যখন মনে করা হচ্ছিল, অস্ট্রেলিয়ায় এসে একদিনের সিরিজে রান তুলে সমালোচকদের মুখ বন্ধ করবেন, ঠিক তখনই অ্যান্টিক্লাইম্যাক্স! পরপর দুটো ম্যাচে শূন্য রানে আউট হলেন বিরাট কোহলি (Virat Kohli)। বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে–তে চার বল খেলে এলবিডব্লিউ হন জেভিয়ার বার্টলেটের (Xavier Bartlett) ইনসুইং ডেলিভারিতে। সিদ্ধান্তে সন্দেহ থাকলেও রিভিউ নেননি।
প্রথম ম্যাচে পার্থে (Perth) মিচেল স্টার্কের (Mitchell Starc) বলে খাতা না খুলেই সাজঘরে ফিরেছিলেন কোহলি। সেই হতাশার ধারা বজায় রইল অ্যাডিলেডেও। যে কারণে তিন ম্যাচের সিরিজে এখনও পর্যন্ত রানহীন বিরাট। ম্যাচের সপ্তম ওভারে ভারতীয় ইনিংসের দুটি বড় উইকেট পড়ে—প্রথমে শুভমান গিল (Shubman Gill)। তারপর কোহলি। আপাতত ক্রিজে রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ার। দুজনেই ধরে, গুছিয়ে ইনিংস সাজানোর চেষ্টা চালাচ্ছেন।
অ্যাডিলেড বরাবরই কোহলির অন্যতম প্রিয় ময়দান। এখানেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছেন—৯৭৬। তাই পয়মন্ত ময়দানে শূন্য রানে ফেরাটা তাঁর পড়ন্ত কেরিয়ারকে আরও দ্রুত প্রস্থানের দিকে ঠেলে দিতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বিশ্বকাপে আদৌ নামবেন? নাকি সিরিজশেষেই অবসর নেবেন?—জোড়া শূন্য এই দুই প্রশ্ন নতুন করে উস্কে দিয়েছে। যার ইঙ্গিত মিলেছে বিরাটের শরীরী ভাষাতেও! আউট হয়ে ফেরার সময় তাঁকে দর্শকদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায়, গ্যালারি থেকে উঠে আসে সমবেত করতালির প্রতিধ্বনি… স্ট্যান্ডিং ওভেশন।
কোহলি গত সাত মাস কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। আইপিএল (IPL) শেষে বিশ্রামের পর এটাই তাঁর প্রথম সিরিজ। অনুশীলনে ফর্মে থাকলেও ম্যাচে তা কাজে লাগাতে পারছেন না। প্রথম ম্যাচে অফস্টাম্পের বাইরে বল খেলতে গিয়ে আউট হয়েছিলেন, এবার ভেতরে ঢোকা ডেলিভারিতে ব্যর্থ।
ভারতীয় দলে তাঁর সঙ্গে কামব্যাক করেছেন রোহিত শর্মাও (Rohit Sharma)। যিনি প্রথম ম্যাচে করেছিলেন মাত্র আট রান। অ্যাডিলেডে শুরুটা ভালো হলেও ধীর ব্যাটিং নিয়ে সমাজমাধ্যমে ঘনিয়ে উঠেছে সমালোচনা। হেজলউডের (Josh Hazlewood) বিরুদ্ধে টানা দুই মেডেন ওভার খেলেন রোহিত। শেষ পর্যন্ত ১৯ রানে থামতে বাধ্য হন।
এই সিরিজে ভারতের ব্যাটিং এখন পর্যন্ত চাপে। পার্থে ১৭৩ রানে অলআউট হয়েছিল দল। অ্যাডিলেডেও টপ অর্ডার তাড়াতাড়ি ভেঙে পড়ে। কোহলির ফর্ম নিয়ে দলের ভেতরে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা না হলেও নির্বাচক কমিটি ও কোচিং স্টাফ বিষয়টি নিয়ে চিন্তিত বলে জানা গিয়েছে।
অ্যাডিলেডে কোহলির রেকর্ড অসাধারণ। কিন্তু এবার হয়তো এটাই শেষ দেখা। আপাতত তৃতীয় ম্যাচেই বোঝা যাবে, সিরিজে ফিরবেন কি না। দলে জায়গা না জুটলে বিশ্বকাপের স্বপ্নের সলিলসমাধি… একথা নতুন করে বলার অবকাশ রাখে কি?