পার্থের প্রথম ওয়ান ডে–তে মাত্র ৮ রানে ফিরেছেন রোহিত। ব্যাটে ছন্দ নেই। ফিটনেসে বদল এলেও ফর্ম নেই—এটাই এখন প্রধান উদ্বেগ।
.jpeg.webp)
রোহিত শর্মা
শেষ আপডেট: 22 October 2025 13:13
দ্য ওয়াল ব্যুরো: এক সময় ভারতের (India) ওয়ান ডে দলের নিরঙ্কুশ অধিনায়ক। আজ সেই রোহিত শর্মা (Rohit Sharma) নাকি দলের ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রবিন্দু থেকেও সরে যাচ্ছেন ধীরে ধীরে। অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) দ্বিতীয় ওয়ান ডে–র আগের দিন তাঁর আচরণ আর কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পদক্ষেপ ঘিরে এখন সরগরম ক্রিকেটমহল।
বুধবার ঐচ্ছিক নেট সেশনে প্রথমেই হাজির হন রোহিত। আগের মতোই মনোযোগ দিয়ে ব্যাটিং অনুশীলন, থ্রোডাউন, কাট–পুল–ড্রাইভ—সবই করলেন নিয়ম মেনে। কিন্তু শেষদিকে দৃশ্যটা বদলে যায়। অনুশীলন শেষে সাধারণত যেভাবে মিডিয়া বা ভক্তদের সঙ্গে মিশে থাকেন, হাসি মুখে কথা বলেন—সেই চেনা রোহিত যেন নেই! মুখে কোনও হাসি নয়, চোখে ক্লান্তি আর ভঙ্গিমায় অবসন্নতা। রিপোর্ট বলছে, অনুশীলন শেষ করে একা একাই হেঁটে চলে যান তিনি টিম হোটেলের দিকে।
ঠিক সেই সময়েই ঘটে অন্য দৃশ্য—গৌতম গম্ভীর, নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর (Ajit Agarkar) এবং নির্বাচক শিব সুন্দর দাস (Shiv Sunder Das) দীর্ঘক্ষণ আলোচনা করেন তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সঙ্গে। রিপোর্ট অনুযায়ী, এই আলাপ বেশ ‘animated’ ছিল, অর্থাৎ আলোচনায় ছিল গুরুত্ব ও গভীরতা দু’টিই। যশস্বীকে নিয়ে গম্ভীরের এই ঘনঘন আলোচনাই জল্পনা জোরদার করেছে—রোহিতের বিকল্প হিসেবে কি এখন থেকেই তৈরি হচ্ছেন জয়সওয়াল?
বিশেষত, শুবমান গিলের (Shubman Gill) হাতে ওয়ান ডে দলের অধিনায়কত্ব তুলে দেওয়ার পর থেকেই ‘পোস্ট–রোহিত যুগ’-এর ইঙ্গিত মিলছে বলে মনে করছেন অনেকে। নির্বাচকরা ও টিম ম্যানেজমেন্ট নাকি রোহিতকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অনেক ভেবে চিন্তেই। RevSportz–এর রিপোর্ট বলছে, রোহিতের এই পদত্যাগ আদতে ‘স্বেচ্ছা’ নয়, বরং একপ্রকার বাধ্যতামূলক সিদ্ধান্ত। তিনি নাকি নেতৃত্ব চালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু নির্বাচকদের রায় অন্য ছিল।
এদিকে পার্থের প্রথম ওয়ান ডে–তে মাত্র ৮ রানে ফিরেছেন রোহিত। ব্যাটে ছন্দ নেই। ফিটনেসে বদল এলেও ফর্ম নেই—এটাই এখন প্রধান উদ্বেগ। ৩৮ বছর বয়সি এই ব্যাটার সাম্প্রতিক সময়ে নিজেকে ফিট রাখতে অনেক পরিশ্রম করেছেন, যা সমর্থকদের প্রশংসা কুড়িয়েছে। কিন্তু “ফিটনেসে নম্বর পেলে ম্যাচ জেতানো যায় না”—এই কথাই এখন অনেকের ঠোঁটে।
আরও তাৎপর্যের বিষয়—ঐচ্ছিক নেট সেশনে হাজির হননি দলের অন্য দুই প্রধান ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) ও শুবমান গিল। এই প্রেক্ষিতে রোহিতের একাকী অনুশীলন এবং গম্ভীর–যশস্বী–আগরকর বৈঠক—দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকেই।
তবে এখনই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। দ্বিতীয় ম্যাচেই হয়তো বোঝা যাবে, রোহিতের ভবিষ্যৎ পরিকল্পনায় জায়গা এখনও কতটা। কিন্তু বুধবার অ্যাডিলেডের সন্ধ্যায় একটা জিনিস অন্তত স্পষ্ট—ভারতের ওয়ান ডে ক্রিকেটে নতুন অধ্যায়ের গন্ধ মিলছে আগেই।