সিতাংশুর ‘যুক্তি’-তে চিঁড়ে ভিজছে না। ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন একটাই—আবহাওয়াকে দোষ দিয়ে কি হতশ্রী পারফরম্যান্স আড়াল করা যায়?

সিতাংশু কোটাক
শেষ আপডেট: 22 October 2025 12:22
দ্য ওয়াল ব্যুরো: পার্থের (Perth) প্রথম ওয়ান ডে–তে মুখ থুবড়ে পড়েছে ভারতের (India) ব্যাটিং। দুই অভিজ্ঞ তারকা রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) বিপুল আশা জাগিয়েও রান পেলেন না। একজন ফিরলেন খাতা না খুলে, অন্যজন মাত্র ৮ রানে। সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন। তারপর ‘রো-কো’ জুটির এহেন ব্যর্থতায় শুরু হল নতুন বিতর্ক। প্রশ্ন উঠল—তাঁরা কি আদৌ প্রস্তুত ছিলেন অস্ট্রেলিয়া সিরিজের (India vs Australia ODI Series) জন্য?
ভারতীয় দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক (Sitanshu Kotak) কিন্তু একেবারেই তা মানতে নারাজ। বরং, তাঁর ছকভাঙা ব্যাখ্যা শুনে হতবাক ক্রিকেটমহল। সিতাংশুর দাবি, পারফরম্যান্স খারাপ হওয়ার কারণ আসলে... আবহাওয়া!
ম্যাচশেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আমি মোটেও মনে করি না, ওরা অনুশীলনে ঘাটতি রেখেছে। আইপিএলে (IPL) দু’জনেই দারুণ ফর্মে। প্রস্তুতিও খুব ভালো ছিল। কিন্তু বারবার খেলা থেমে যাওয়ায় ছন্দ নষ্ট হয়েছে। আবহাওয়ার প্রভাবই সবচেয়ে বেশি। চার–পাঁচবার খেলা বন্ধ হওয়া আর প্রতি দু’ওভারে ভিতরে–বাইরে যাওয়া সহজ নয়!’
যদিও বাস্তব বলছে, রোহিত আর কোহলি কেউই মাঠে এতক্ষণ ছিলেন না, যে বৃষ্টির বিরতি তাঁদের মনঃসংযোগ নষ্ট করতে পারে। তাই কোটাকের যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা। কোচের বক্তব্য অনুযায়ী, রোহিত–কোহলির ফর্মে এতটুকু জং ধরেনি। তিনি বলেন, ‘ওরা দুই জনই খুব অভিজ্ঞ। সিরিজের আগে যথেষ্ট প্রস্তুতি নিয়েছে। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ওদের ফিটনেস ও প্রস্তুতি আমাদের জানা ছিল। এনসিএ (NCA) থেকে ট্রেনিং ভিডিও আমাদের কাছে এসেছে। ওদের মতো সিনিয়র ক্রিকেটারদের ক্ষেত্রে শুরুতেই বেশি হস্তক্ষেপ করার দরকার পড়ে না!’
তবু সিতাংশুর ‘যুক্তি’-তে চিঁড়ে ভিজছে না। ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন একটাই—আবহাওয়াকে দোষ দিয়ে কি হতশ্রী পারফরম্যান্স আড়াল করা যায়?