একটা ম্যাচ, একটা ইনিংস—কাগজে-কলমে হয়তো তাই। কিন্তু বৈভব সূর্যবংশীর ক্ষেত্রে প্রতিটা লড়াই-ই যেন আলাদা করে ভবিষ্যতের ইঙ্গিত দেয়।

বৈভব সূর্যবংশী
শেষ আপডেট: 18 January 2026 10:59
দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ১৪। খাতায়-কলমে ‘অনভিজ্ঞ’। কিন্তু রেকর্ডবুকে নাম লেখানোর অভ্যাস ভালমতোই রপ্ত করে ফেলেছেন তিনি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (U-19 World Cup 2026) বাংলাদেশের বিরুদ্ধে আরও একবার ইতিহাস গড়ে কথাটা বুঝিয়ে দিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ব্যাটে ঝড় তুলে শুধু ম্যাচের রাশ হাতে নিলেন না, ভেঙে দিলেন বিশ্বকাপের একাধিক বয়সভিত্তিক রেকর্ডও।
১৪ বছরেই বিশ্বকাপ ইতিহাসে ‘প্রথম’
বুলাওয়েওতে (Bulawayo) বাংলাদেশের বিরুদ্ধে বৈভব খেললেন ৭২ রানের ঝকঝকে ইনিংস। মাত্র ৬৭ বলে। চার ৬টি, ছয় ৩টি। শুরু থেকেই আগ্রাসী মেজাজ। মাত্র ৩০ বলে হাফ-সেঞ্চুরি। যার সুবাদে লেখা হল ইতিহাস—মাত্র ১৪ বছর ২৯৬ দিন বয়সী বৈভব এখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (Men’s U-19 World Cup) পঞ্চাশের বেশি রান করা সবচেয়ে কম বয়সি ক্রিকেটার। এর আগে এই রেকর্ড ছিল আফগানিস্তানের শহিদুল্লা কামালের (Shahidullah Kamal)। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫ বছর ১৯ দিনে হাফ-সেঞ্চুরি করেছিলেন। তালিকায় এরপরেই রয়েছেন পাকিস্তানের বাবর আজম (Babar Azam)।
কোহলিকেও ছাপিয়ে গেলেন বৈভব
এই ম্যাচে আরেকটি বড় মাইলস্টোন ছুঁয়ে ফেলেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। যুব ওয়ানডেতে (Youth ODIs) ভারতের হয়ে সর্বাধিক রান করা ব্যাটারদের তালিকায় টপকে গিয়েছেন বিরাট কোহলিকে (Virat Kohli)। মাত্র ২০টি যুব ওয়ানডেতে বৈভবের রানসংখ্যা আপাতত ১,০৪৭। কোহলির ছিল ৯৭৮ রান, ২৮ ম্যাচে। ভারতের হয়ে এই তালিকায় শীর্ষে রয়েছেন বিজয় জোল (Vijay Zol)—৩৬ ম্যাচে ১,৪০৪ রান। বিশ্বরেকর্ড বাংলাদেশের নজমুল হোসেন শান্তর (Najmul Hossain Shanto) দখলে—১,৮২০ রান।
মাঠের বাইরে উত্তাপ
ম্যাচের আগে নজরে আসে মাঠের বাইরের বিষয়। ভারত অধিনায়ক আয়ুষ মাত্রে (Ayush Mhatre) এবং বাংলাদেশের আজিজুল হাকিম তামিম (Azizul Hakim Tamim) সৌজন্যমূলক হ্যান্ডশেক এড়িয়ে যান। টসের সময়ও হাকিমের বদলে বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরার (Zawad Abrar) মাঠে নামেন। বৃষ্টিতে দেরি হওয়া ম্যাচে টস জিতে যিনি বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেন, বুলাওয়েওর ভেজা পিচের কথা মাথায় রেখে।
বড় মঞ্চে বড় বার্তা
একটা ম্যাচ, একটা ইনিংস—কাগজে-কলমে হয়তো তাই। কিন্তু বৈভব সূর্যবংশীর ক্ষেত্রে প্রতিটা লড়াই-ই যেন আলাদা করে ভবিষ্যতের ইঙ্গিত দেয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে রেকর্ড ভেঙে বুঝিয়ে দিলেন, তিনি শুধু বয়সের তুলনায় এগিয়ে নন—সিনিয়রদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্যও প্রস্তুত। ১৪ বছরে যদি বিশ্বকাপের ইতিহাস বদলে দেওয়া যায়, তাহলে সামনে কী অপেক্ষা করছে—এই প্রশ্নের উত্তর হাতড়ানোই এখন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় কৌতূহল।