আসন্ন দলীপ ট্রফির জন্য এই পাঞ্জাব পুত্তরকেই বেছে নিয়েছেন উত্তরাঞ্চলের নির্বাচকরা। জানা গিয়েছে ইংল্যান্ড সফরের সাফল্যের জন্যই শুভমানকে অধিনায়ক করা হয়েছে।

শুভমান গিল
শেষ আপডেট: 7 August 2025 18:23
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় দলের হয়ে অধিনায়ক হিসাবে অভিষেক সিরিজে লেটার মার্কস নিয়েই পাশ করেছেন ভারতের বর্তমান লাল বলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। তাঁর নেতৃত্বে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করেছে টিম ইন্ডিয়া। অধিনায়কের চাপ সামলে তিনি ব্যাট হাতেও সফল হয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে।
সদ্যসমাপ্ত ইংল্যান্ড-ভারত পাঁচ টেস্টের সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারী শুভমান গিল। এছাড়াও, বেশ কিছু পুরনো ব্যাটিং রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। গিল পুরো সিরিজে ৭৫.৪০ গড়ে ৭৫৪ রান করেন। এই সময়ে তিনি চারটি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি হাঁকান। ভারতীয় অধিনায়ক হিসাবে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজে সর্বাধিক রান করার ক্ষেত্রে গিল সুনীল গাভাসকরকে ছাড়িয়ে যান গিল। গাভাসকর করেছিলেন ৭২৩ রান।
পাশাপাশি শুভমান গিল এখন টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করা দ্বিতীয় অধিনায়ক। বিশ্ব রেকর্ডটি রয়েছে স্যার ডন ব্র্যাডম্যানের নামে। অধিনায়ক হিসাবে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজে ব্র্যাডম্যান ৮১০ রান করেছিলেন।
এবার অধিনায়ক শুভমানের উপর ভরসা দেখাল উত্তরাঞ্চল (North Zone)। আসন্ন দলীপ ট্রফির (Duleep Trophy) জন্য এই পাঞ্জাব পুত্তরকেই বেছে নিয়েছেন উত্তরাঞ্চলের নির্বাচকরা। জানা গিয়েছে ইংল্যান্ড সফরের সাফল্যের জন্যই শুভমানকে অধিনায়ক করা হয়েছে।
এবারের দলীপ ট্রফি শুরু হবে ২৮ অগস্ট। উভয় সেমিফাইনাল হবে ৪ সেপ্টেম্বর, আর ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। উত্তরাঞ্চল ছাড়া দলীপের বাকি দলগুলি হল- পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল. দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চল।