৩৪ ওভারে ভারত ৩০০ ছুঁয়ে ফেলেছে। হাতে এখনও এন্তার উইকেট, স্কোরবোর্ড চড়ানোর জন্য যথেষ্ট ওভার।

বৈভব সূর্যবংশী
শেষ আপডেট: 6 February 2026 16:20
দ্য ওয়াল ব্যুরো: ফাইনালে ব্যাটিং তাণ্ডব ভারতের! অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের মঞ্চে টিম ইন্ডিয়া এমন ঝড় তুলল, যার সুবাদে ৩০০ রান ছুঁতে লাগল মাত্র ৩৪ ওভার। প্রতিপক্ষ ইংল্যান্ড (England U19) কার্যত দিশাহারা। সব আলো কেড়ে নিলেন এক জন—কৈশোরের শরীরে প্রাপ্তবয়স্কদের সাহস আর শক্তি নিয়ে ব্যাট হাতে নামা বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।
হারারেতে (Harare) টস জিতে ব্যাট করতে নেমে ভারতের (India U19) উদ্দেশ্য ছিল স্পষ্ট—চাপ তৈরি করা, আর সেটা শুরুতেই। ওপেনে বৈভব আর অ্যারন জর্জ (Aaron George) নিয়ন্ত্রণ দেখিয়েও আক্রমণাত্মক। ইনিংসের রাশ পুরোপুরি তুলে নেন বৈভব। শুরুতে একটু দেখেশুনে খেললেও, একবার হাত খোলামাত্র ইংল্যান্ডের বোলাররা আর ম্যাচে ফিরতে পারেননি। পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই তিনি জানিয়ে দেন, আজ থামার কোনও ইচ্ছে নেই। স্পিন আসুক বা পেস—সবাই সমানভাবে শাস্তি পেয়েছেন। ৩২ বলে অর্ধশতরান, তারপর গিয়ার বদল। মাঠের চারদিকেই বল ছুটছে। কভার, লং–অন, মিডউইকেট—কোনও জায়গাই বাদ পড়েনি। যার সুবাদে ৫৫ বলে শতরান করে ফেলেন বৈভব, অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি।
অন্য প্রান্তে নিজের দায়িত্ব নিঃশব্দে পালন করেন অধিনায়ক আয়ুষ মাত্রে (Ayush Mhatre)। মাঝেসাঝে বড় শট, স্ট্রাইক রোটেট—এই ভারসাম্যই ইংল্যান্ড চাপে পড়ে। তাঁদের জুটি ভাঙে মাত্রে আউট হওয়ার পর, কিন্তু ততক্ষণে ইংরেজ বাহিনীর ক্ষতি যা হওয়ার হয়ে গিয়েছে।
ক্রিজে নামেন বিহান মালহোত্রা (Vihaan Malhotra) ও বেদান্ত ত্রিবেদী (Vedant Trivedi)। দু’জনেই চেষ্টা করেন ইনিংস এগিয়ে নিয়ে যেতে। মালহোত্রা কিছুটা আগ্রাসী হওয়ার চেষ্টা করলেও, ঝুঁকি নিতে গিয়ে উইকেট হারান। তাতেও স্কোরবোর্ডের গতি কমেনি। কারণ, বৈভব তখন অন্য গ্রহে ব্যাট করছেন! স্পিনার ফারহান আহমেদ (Farhan Ahmed) বা আলবার্ট (Ralphie Albert)—কাউকে রেহাই নয়। এক ওভারে দেদার রান উঠেছে অনায়াসে। বৈভব ৭১ বলে দেড়শো ছুঁয়ে ফেলেন, যা ফাইনালের মঞ্চে একেবারেই অভাবনীয়! শেষমেশ ১৭৫ রানে থামেন তিনি, ক্যাচ দিয়ে ফিরলেও তখন স্টেডিয়ামে দাঁড়িয়ে অভিবাদন—ভারতীয় শিবির থেকে শুরু করে নিরপেক্ষ দর্শক, সবাই জানেন, আজ টাকা দিয়ে টিকিট কাটা সার্থক।
৩৪ ওভারে ভারত ৩০০ ছুঁয়ে ফেলেছে। হাতে এখনও এন্তার উইকেট, স্কোরবোর্ড চড়ানোর জন্য যথেষ্ট ওভার। শেষ দিকে রান আরও বাড়ার প্রবল সম্ভাবনা। ইংল্যান্ডকে (England U19) তাই আজ শুধু ম্যাচ নয়, মানসিক লড়াইয়েরও পরীক্ষা দিতে হবে। এত বড় ফাইনালে আসন্ন পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করা যে বেজায় কঠিন, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।