এই ঘুরে দাঁড়ানো ভারতের জন্য তাৎপর্যপূর্ণ। কারণ সামনে কঠিন সমীকরণ। সুপার এইট গ্রুপে এখন শেষ ম্যাচেই সেমিফাইনালের ভাগ্য নির্ধারণ হবে।

টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 27 February 2026 13:42
দ্য ওয়াল ব্যুরো: জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭৩ রানের দাপুটে জয়ের পর ভারতীয় ড্রেসিংরুম চনমনে! একেই দুরন্ত দলগত পারফরম্যান্স, তার উপর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সুপার এইট ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে ‘ইমপ্যাক্ট প্লেয়ার অব দ্য ম্যাচ’ মেডেল পেলেন একের বদলে দু’জন—অভিষেক শর্মা (Abhishek Sharma) ও তিলক বর্মা (Tilak Varma)। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium) ২৫৬/৪ তোলার পথে বাঁ-হাতি দুই ব্যাটারের খেলাই ম্যাচের অভিমুখ ঘুরিয়ে দিল।
অদ্ভুতভাবে, তিলক আর অভিষেকের টুর্নামেন্ট শুরু হয়েছিল ধোঁয়াশায়। প্রথমজন অস্ত্রোপচারের পর দলে ফেরেন। অভিষেক ভুগছিলেন পেটের সংক্রমণে। ফর্মও হঠাৎ হাতছাড়া! কিন্তু ‘মাস্ট-উইন’ ম্যাচে তাল কাটল না। ফিরে পেলেন ছন্দ৷ হাঁকালেন ৩০ বলে ৫৫। পাওয়ারপ্লে থেকেই রাশ হাতে। তিলক নতুন ভূমিকায় মিডল অর্ডারে নেমে ১৬ বলে অপরাজিত ৪৪। দু’জনের ছন্দে টিম ইন্ডিয়া অনায়াসে ২৫০ পেরল। যে কারণে ড্রেসিংরুমে দলের চিকিৎসক রিজওয়ান খান (Rizwan Khan) তাঁদের হাতে তুলে দেন জোড়া মেডেল—‘ইমপ্যাক্ট’ পুরস্কার হিসেবে। দুরন্ত পারফরম্যান্সের বিরল স্বীকৃতি!
মেডেল পেয়ে অভিষেক বলেন, ‘প্রথম কয়েক দিন টিমের চিকিৎসকের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। ফিরে এসে দলের জন্য অবদান রাখতে পারা বিশেষ অনুভূতি। খারাপ সময়েও দল আমার উপর বিশ্বাস রেখেছে—এটাই বড় শক্তি।’
তিলকও ভূয়সী প্রশংসা করেন। তাঁর কথায়, ‘টুর্নামেন্টের আগে খুব লড়াই করছিলাম। চিকিৎসক আর সাপোর্ট স্টাফ পাশে ছিল। বলেছিল, এক ইনিংসের ব্যাপার। ঠিক সময়ে সেটা এল!’
এই ঘুরে দাঁড়ানো ভারতের জন্য তাৎপর্যপূর্ণ। কারণ সামনে কঠিন সমীকরণ। সুপার এইট গ্রুপে এখন শেষ ম্যাচেই সেমিফাইনালের ভাগ্য নির্ধারণ হবে। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কার্যত কোয়ার্টার-ফাইনাল। দক্ষিণ আফ্রিকার কাছে ক্যারিবিয়ানদের হারের পর নেট রান রেটের হিসেব নেই—সরাসরি জয়-পরাজয়ে লেখা হবে ভাগ্য!