কেউ লিখেছেন—‘লিচফিল্ড আসলে হেডেরই বেটা ভার্সন!’, কেউ দুঃখভরা রসিকতার সুরে ট্র্যাভিসের প্রসঙ্গ টেনে লিখেছেন—‘যন্ত্রণা একই, শুধু দিন আলাদা!’

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 30 October 2025 18:39
দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মাদের বিরুদ্ধে ট্র্যাভিস হেডের (Travis Head) বিশ্বকাপ ফাইনালের তাণ্ডব চালানোর দুঃস্বপ্ন ফিরে এল মুম্বইতে (Mumbai)। শুধু বদলে গেল মুখ! আজ শাসন করলেন ফোবে লিচফিল্ড। অস্ট্রেলীয় ব্যাটারের নির্ভুল স্ট্রোকপ্লে, অবিচল মানসিকতার সামনে অসহায় চেয়ে রইলেন হরমনপ্রীত, স্মৃতি মান্ধানারা।
নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে (DY Patil Stadium) মেয়েদের বিশ্বকাপের (Women’s World Cup) সেমিফাইনালে লিচফিল্ডের (Phoebe Litchfield) ৭৭ বলে সেঞ্চুরির জেরে ভারত কার্যত কোণঠাসা। ৫ উইকেট হারালেও বড় রানের টার্গেট নিয়ে খেলে চলেছে অজি বাহিনী।
অস্ট্রেলিয়ার (Australia) হয়ে ওপেন করতে নেমে অধিনায়ক অ্যালিসা হিলিকে (Alyssa Healy) হারানোর পর থেকেই লিচফিল্ড ইনিংসের নিয়ন্ত্রণ নেন। ৪৫ বলে হাফ–সেঞ্চুরি, তারপর আক্রমণ বাড়ান। শতরানের মাইলফলক ছোঁন ৭৭ বলে—বাঁহাতি ব্যাটার শ্রী চরণের (Sree Charani) বলে মিড–অফের উপর দিয়ে হাঁকানো বাউন্ডারিতে নিখুঁত সেঞ্চুরি।
লিচফিল্ডের ইনিংস গড়া কপিবুক স্টাইলে। শুরুতে ধৈর্য, পরে নির্ভুল শট বাছাই। রিচা ঘোষের (Richa Ghosh) সহজ ক্যাচ ফস্কানো ভারতের হতাশা আরও বাড়ায়। একবার ‘বাম্প বল’-এর বিতর্কেও বেঁচে যান তিনি। কিন্তু স্থির মনোভাবে ইনিংস চালিয়ে যেতে অসুবিধে হয়নি—দীপ্তি শর্মাকে (Deepti Sharma) টানা দুটি ছক্কা মেরে গতি বাড়ান।
অবশেষে আমনজোত কৌরের (Amanjot Kaur) বলে বোল্ড হয়ে ৯৩ বলে ১১৯ রান তুলে থামতে হয়। ইনিংসে ১৭টি চার ও ৩টি ছয়। ততক্ষণে এলিস পেরির (Ellyse Perry) সঙ্গে গড়ে ফেলেছেন ১৫৫ রানের জুটি—যা ভারতীয় বোলিং আক্রমণের মেরুদণ্ড ভেঙে দেয়। বিশ্বকাপের সেমিফাইনালে শতরান করা মাত্র সপ্তম ব্যাটার হলেন লিচফিল্ড। এই অভিজাত তালিকায় রয়েছেন হরমনপ্রীত কৌর, হিলি, লরা উলভার্ট, নাট সিভার–ব্রান্ট, ড্যানি ওয়ায়াট–হজ ও ক্যারেন রলটন।
ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় তুলনা থামেনি। কেউ লিখেছেন—‘লিচফিল্ড আসলে হেডেরই বেটা ভার্সন!’, কেউ দুঃখভরা রসিকতার সুরে ট্র্যাভিসের প্রসঙ্গ টেনে লিখেছেন—‘যন্ত্রণা একই, শুধু দিন আলাদা!’