বিক্রমের সহযাত্রীরা জানাচ্ছেন, রেলের হেল্পলাইন নম্বরে বারবার ফোন করা হয়েছিল। কিন্তু কেউ ফোন ধরেননি। টানা চার ঘণ্টা যন্ত্রণায় কাতরাতে কারতাতে চলন্ত ট্রেনেই মৃত্যু হয়েছে এই ভারতীয় ক্রিকেটারের।

বিক্রম সিং।
শেষ আপডেট: 7 June 2025 07:39
দ্য ওয়াল ব্যুরো: শারীরিক বাধাকে অতিক্রম করে ক্লাবস্তরে হুইল চেয়ার ক্রিকেট খেলছিলেন পাঞ্জাবের বিক্রম সিং (Indian Cricketer)। আর সেই হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে যাওয়ার পথে ভারতীয় রেলে (India Railway) মর্মান্তিক মৃত্যু হল ৩৮ বছর বয়সি এই ক্রিকেটারের।
রেলের কামরায় হেল্পলাইন নম্বর লেখা থাকে। রেলের তরফে দাবি করা হয়, ফোন করলেই সঙ্গে সঙ্গে সাহায্য পৌঁছে যাবে। তবে বিক্রমের সহযাত্রীরা জানাচ্ছেন, ট্রেনে ওঠার পর থেকেই তাঁর বুকে অসহ্য যন্ত্রণা হতে থাকে। তা দেখে রেলের হেল্পলাইন নম্বরে বারবার ফোন করা হয়েছিল। কিন্তু কেউ ফোন ধরেননি। টানা চার ঘণ্টা যন্ত্রণায় কাতরাতে কারতাতে চলন্ত ট্রেনেই মৃত্যু হয়েছে এই ভারতীয় ক্রিকেটারের।
গোটা ঘটনায় রেলের হেল্পলাইন নম্বর ও যাত্রীসুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রের খবর, হেল্পলাইন নম্বরে ফোন করা সত্ত্বেও কেন সাহায্য মেলেনি তা তদন্ত করে দেখা হচ্ছে।
রেল ও পুলিশ সূত্রের খবর, গোয়ালিয়র হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে বুধবার রাতে দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে ছত্তীসগড় এক্সপ্রেস ধরেন বিক্রম সিং। ট্রেন ছাড়ার কিছু সময় পর থেকেই সে যন্ত্রণায় কাতরাতে শুরু করে। অভিযোগ, রেলের হেল্পলাইনে একাধিকবার ফোন করা হলেও কেউ ধরেননি। পরের দিন সকাল ৮টা ১০ মিনিটে ট্রেন যখন মথুরা পৌঁছয় ততক্ষণে বিক্রম মারা গিয়েছেন।