ইডেনে ছয় বছর পর আয়োজিত হতে চলেছে কোনও টেস্ট ম্যাচ। দ্বিতীয় লড়াই শুরু ২২ নভেম্বর, গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। তবে তার আগে কলকাতার ঐতিহ্যবাহী ময়দানে এখন মূল ফোকাস—নিরাপত্তার বলয় ভেদ না করে যেন নির্বিঘ্নে হয় ভারত–দক্ষিণ আফ্রিকার প্রথম দ্বৈরথ।

ছবি: গুগল
শেষ আপডেট: 11 November 2025 15:42
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে লালকেল্লার (Red Fort) কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনার পর কলকাতায় (Kolkata) বাড়ানো হল নিরাপত্তা ব্যবস্থা। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ১৪ নভেম্বর শুরু হতে চলা ভারত–দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) প্রথম টেস্টের আগে গোটা চত্বরজুড়ে বিশেষ সতর্কতা।
কলকাতা পুলিশ (Kolkata Police) জানিয়েছে, সোমবারের বিস্ফোরণের পর থেকে ইডেন এবং দুই দলের থাকার জায়গায় নিরাপত্তা নজরদারি আঁটসাঁট করা হয়েছে। দলগুলির যাতায়াতের সময় বিশেষ রুট চিহ্নিত করার কাজ শেষ। চলাচলের সময় পুলিশি এসকর্ট থাকবে বলেও খবর।
প্রসঙ্গত, গতকালের ওই বিস্ফোরণে দিল্লিতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে, আহত প্রায় ২৫। তার পরই কলকাতা পুলিশ জরুরি ভিত্তিতে তৈরি করেছে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা। ভারত ও দক্ষিণ আফ্রিকা দলের অনুশীলন ও ম্যাচের দিন—প্রতিটি মুহূর্ত নজরে রাখার জন্য মোতায়েন থাকতে চলেছে বিপুল পুলিশ ও নিরাপত্তাকর্মী।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা (Manoj Verma) মঙ্গলবার স্বয়ং ইডেনে আসবেন স্টেডিয়ামের নিরাপত্তা ও প্রস্তুতি খতিয়ে দেখতে। অন্যদিকে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) ইতিমধ্যেই পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করছে, যাতে খেলোয়াড়, আধিকারিক ও দর্শক—সবাই নিরাপদে থাকতে পারেন।
দলগুলির থাকার হোটেলও পর্যবেক্ষণে। পুলিশের বোম্ব স্কোয়াড, কুকুর বাহিনী ও গোয়েন্দা শাখা নিয়মিত নজরদারি চালাচ্ছে। সোমবার রাতেই সিএবি ও কলকাতা পুলিশের উচ্চপর্যায়ের বৈঠকে চূড়ান্ত হয়েছে নিরাপত্তা রূপরেখা। সূত্রের খবর, মঙ্গলবার থেকেই ভারত ও দক্ষিণ আফ্রিকা দল ইডেনে অনুশীলন শুরু করবে। তাই প্রতিটি সেশনেই কড়া প্রহরা। বিশেষ করে দিল্লির ঘটনার পর অতিরিক্ত সতর্কতা নিচ্ছে প্রশাসন, যাতে কোনও অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি না হয়।
ইডেনে ছয় বছর পর আয়োজিত হতে চলেছে কোনও টেস্ট ম্যাচ। দ্বিতীয় লড়াই শুরু ২২ নভেম্বর, গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। তবে তার আগে কলকাতার ঐতিহ্যবাহী ময়দানে এখন মূল ফোকাস—নিরাপত্তার বলয় ভেদ না করে যেন নির্বিঘ্নে হয় ভারত–দক্ষিণ আফ্রিকার প্রথম দ্বৈরথ।