তৃতীয় এবং সবচেয়ে আলোচিত সম্ভাব্য পরিবর্তন হতে পারে ব্যাটিং অর্ডারে। প্রথম টেস্টে ব্যর্থতার পর বাদ পড়েন সাই সুদর্শন। এবার তাঁকে টিমে ফিরিয়ে আনার কথা ভাবা হচ্ছে। তবে সমস্যা একটাই—কাকে বাদ দিয়ে তাঁকে খেলানো হবে?

সাই সুদর্শন ও করুণ নায়ার
শেষ আপডেট: 23 July 2025 11:29
দ্য ওয়াল ব্যুরো: চতুর্থ টেস্টে নামার আগে বড়সড় রদবদলের পথে ভারতীয় দল (Team India)। ম্যঞ্চেস্টারে (Manchester Test) ইংল্যান্ডের বিরুদ্ধে বুধবার শুরু হতে চলা ম্যাচে অন্তত তিনটি পরিবর্তন দেখা যেতে পারে প্রথম একাদশে। এর মধ্যে দু’টি চোটজনিত বাধ্যতামূলক বদল হলেও, একটি পরিবর্তন হতে চলেছে পুরোপুরি কৌশলগত কারণে।
সবচেয়ে নিশ্চিত যে পরিবর্তন, তা হল তরুণ পেসার অনশুল কাম্বোজের (Anshul Kamboj) অভিষেক। সিরিজে দুর্দান্ত বোলিং করলেও চোটের জন্য ছিটকে গিয়েছেন আকাশ দীপ (Akash Deep)। তাঁর জায়গাতেই সুযোগ পেতে চলেছেন কাম্বোজ। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে নির্বাচকদের আস্থা জিতেছেন হরিয়ানার এই ডানহাতি পেসার।
দ্বিতীয় চোটঘটিত রদবদল নীতীশকুমার রেড্ডিকে (NitishKumar Reddy) ঘিরে। টিম ইন্ডিয়ার অলরাউন্ডার সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় দলে ঢুকবেন শার্দূল ঠাকুর—বল করার পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাট হাতেও স্বচ্ছন্দ। হেড কোচ গৌতম গম্ভীর বরাবরই অলরাউন্ডারদের গুরুত্ব দেন। সেই দিক থেকে শার্দূলের জায়গা মোটামুটি পাকা।
তৃতীয় এবং সবচেয়ে আলোচিত সম্ভাব্য পরিবর্তন হতে পারে ব্যাটিং অর্ডারে। প্রথম টেস্টে ব্যর্থতার পর বাদ পড়েন সাই সুদর্শন। এবার তাঁকে টিমে ফিরিয়ে আনার কথা ভাবা হচ্ছে। তবে সমস্যা একটাই—কাকে বাদ দিয়ে তাঁকে খেলানো হবে?
সাই প্রথম টেস্টে তিন নম্বরে নামেন। রান পাননি। পরের দুটি টেস্টে সেই জায়গায় করুণ নায়ার নামলেও স্কোর যথাক্রমে: ০, ২০, ৩১, ২৬, ৪০, ১৪—অর্থাৎ ছয় ইনিংসে একটিও হাফসেঞ্চুরি নেই। ভাল শুরু করেও বড় ইনিংস গড়তে ব্যর্থ হচ্ছেন জাতীয় দলে আট বছর বাদে কামব্যাক করা ব্যাটসম্যান। তবু টিম ম্যানেজমেন্টের বিশ্বাস, করুণ ‘ভাল ব্যাট করছেন’। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে অধিনায়ক শুভমান গিল বলেন, ‘ওর ব্যাটিংয়ে কোনও সমস্যা দেখছি না। প্রথম ম্যাচে ও নিজের জায়গায় খেলেনি। এটা এমন সিরিজ, যেখানে প্রত্যাবর্তন করাটা সহজ নয়। তবে একটা ইনিংস পেলেই ও ছন্দে ফিরবে, বড় রান করবে!’
যদিও বাস্তব বলছে, তিন টেস্টে ধারাবাহিকভাবে খেলে করুণ যখন নিজেকে প্রমাণ করতে পারছেন না, তখন সাইকে ফের সুযোগ দেওয়া অস্বাভাবিক নয়। মঙ্গলবার অনুশীলনের সময় বৃষ্টি হলেও, পিচ ঢাকা থাকা অবস্থাতেও শ্যাডো প্র্যাকটিস করেছেন সাই সুদর্শন। এমনকী বাইশ গজের সবুজ-বাদামি অংশও তিনি মন দিয়ে ঘুরে দেখেন। এসবই কি প্রথম একাদশে ফিরে আসার ইঙ্গিত?
তবে করুণ (Karun Nair) বাদ পড়বেন, নাকি ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) সরিয়ে অতিরিক্ত ব্যাটার হিসাবে সাই সুযোগ পাবেন—তা এখনও স্পষ্ট নয়। গম্ভীরের অলরাউন্ডারপ্রীতি দেখে অনুমান করা যায়, নীতীশের জায়গায় সাই (Sai Sudarshan) নয়, শার্দূলই সুযোগ পেতে চলেছেন।