কেন শচীনকে ছাড়িয়ে যেতে পারবে না রুট? ও এখন দুরন্ত খেলছে। আরও অনেকদিন খেলবে ও।

স্টিভ স্মিথ ও জো রুট
শেষ আপডেট: 4 August 2025 15:05
দ্য ওয়াল ব্যুরো: বর্তমান ক্রিকেট বিশ্বের ‘ফ্যাভ ফোর’ বলতে বোঝায় ভারতের বিরাট কোহলি, ইংল্যান্ডের জো রুট, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে। এই চার জনের মধ্যে বিরাট কোহলি টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। স্মিথ অবসর নিয়েছেন একদিনের ক্রিকেট থেকে। উইলিয়ামসনকে বারবার ভোগাচ্ছে চোট। তবে পুরোপুরি টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করে স্বমহিমায় বাইশ গজ দাপাচ্ছেন জো রুট।
গতকালই নিজের টেস্ট কেরিয়ারের ৩৯তম শতকটি পেয়েছেন ৩৪ বছর বয়সি জো রুট (Joe Root)। টেস্টে শতরানের ক্ষেত্রে তাঁর সামনে রয়েছেন শচীন তেন্ডুলকর (৫১), জ্যাক ক্যালিস (৪৫) ও রিকি পন্টিং (৪১)। ১৩,৫৪৩ রান করে টেস্টে রানের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের এই ব্যাটার। এক্ষেত্রে রুটের আগে রয়েছেন কেবলমাত্র শচীন (১৫,৯২১)।
অনেকেই মনে করছেন, রুট বর্তমানে যে ফর্মে রয়েছেন, তাতে ভারতীয় ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিতে পারেন। এই তালিকায় রয়েছেন স্টিভ স্মিথও (Steve Smith)। প্রাক্তন এই অজি অধিনায়ক বলেছেন, রুট এখন শচীনের থেকে ২,০০০-এর বেশি কিছু রানে পিছিয়ে রয়েছেন। শচীনকে টপকে টেস্টে সর্বোচ্চ রানের অধিকারী হয়ে ওঠার ক্ষমতা রয়েছে রুটের।
স্মিথ বলেছেন, “কেন শচীনকে ছাড়িয়ে যেতে পারবে না রুট? ও এখন দুরন্ত খেলছে। আরও অনেকদিন খেলবে ও। এই ভাবে যদি খেলে যেতে পারে, তবে নিশ্চই শচীনকে টপকে যাবে।”
এদিকে, সামনেই রয়েছে অ্যাশেজ সিরিজ। অস্ট্রেলিয়ায় খেলতে যাবে ইংল্যান্ড। অজি ভূমে রুটের রেকর্ড তাঁর হয়ে কথা বলে না। ক্যাঙারুর দেশে টেস্টেএই ইংলিশ ব্যাটারের সর্বোচ্চ রান ৮৯। তবে স্মিথ মনে করছেন, সাম্প্রতিক কালে রুট যে ফর্মে রয়েছেন, তা ধরে রাখতে পারলে অস্ট্রেলিয়ায় তাঁর রেকর্ড অনেকটাই ভাল হয়ে উঠবে। সেই সঙ্গে স্মিথ জানিয়েছেন বিশ্ব ক্রিকেটে রুট এখন অন্যতম কমপ্লিট ব্যাটার।
লাল বলের ক্রিকেট নিয়ে বলার পাশাপাশি স্মিথ টি-টোয়েন্টি ক্রিকেট নিয়েও নিজের মনোভাবের কথা বলেছেন। ২০২৮ অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। স্মিথ জানিয়েছেন, তিনি যে কোনও মূল্যে অলিম্পিক্সে অংশ নিতে চান। অস্ট্রেলিয়ার জার্সিতে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে নামা তাঁর এখন প্রধান লক্ষ্য।