আমরা চাই, বুমরাহ সমস্ত বড় ম্যাচের জন্য উপলব্ধ থাকুক। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো বড় সিরিজ আছে, গুরুত্বপূর্ণ ম্যাচে ওকে আমাদের প্রয়োজন।

জসপ্রীত বুমরাহ ও অজিত আগারকর
শেষ আপডেট: 19 August 2025 17:38
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক মাস ধরে ভারতীয় ক্রিকেট নিয়ে আলোচনা উঠলেই অবধারিত প্রসঙ্গ ছিল জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। ওয়ার্কলোড কমানোর জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে তিন ম্যাচ খেলেছিলেন টিম ইন্ডিয়ার এই স্পিডস্টার। এমনকি সিরিজ নির্ণায়ক টেস্টে ওভালেও খেলানো হয়নি বুমরাহকে। অনেকেই তখন প্রশ্ন তুলেছিলেন, গুরুত্বপূর্ণ ম্যাচে যদি দলের প্রধান বোলারকে না পাওয়া যায়, তবে দলে তাঁর প্রয়োজনীয়তা কোথায়?
ইংল্যান্ড সফর শেষ হওয়ার পরও প্রাসঙ্গিক ছিল বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। আলোচনা চলছিল এশিয়া কাপের স্কোয়াডে (Asia Cup, India Squad) কি তিনি থাকবেন? এদিকে সামনেই ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। বুমরাহ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট খেলবেন, না কি টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ খেলবেন? বোর্ডের নির্বাচকরা কোনটিকে অধিক গুরুত্ব দেবেন? উঠছিল প্রশ্ন।
তবে সব প্রশ্নের জবাব পাওয়া গেল মঙ্গলবার। এদিন অজিত আগারকরের (Ajit Agarkar) নেতৃত্বাধীন বিসিসিআইয়ের (BCCI Selection Committee) নির্বাচক কমিটি জসপ্রীত বুমরাহকে রেখেই এশিয়া কাপের দল ঘোষণা করেছে।
নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগারকর এদিন স্পষ্ট করে বলেছেন, বুমরাহর জন্য 'কোনও লিখিত রোডম্যাপ' নেই এবং টিম ম্যানেজমেন্ট তাঁকে বড় টুর্নামেন্টের জন্য দলে রাখতে চায়। আগারকর বলেছেন, বিভিন্ন ফরম্যাটে বুমরাহর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলেও, আগামী মাসে দুবাইয়ে অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপের জন্য বুমরাহকে ভারতীয় দলে নেওয়া হয়েছে।
বুমরাহর প্রসঙ্গে আগারকর বলেছেন, "আমার মনে হয় না কোনও লিখিত পরিকল্পনা আছে। ইংল্যান্ড সিরিজের পর বুমরাহ একটি চমৎকার বিরতি পেয়েছে। ও ফিজিও, টিম ম্যানেজমেন্ট যোগাযোগ রেখেছে। স্পষ্টতই আমরা চাই, বুমরাহ সমস্ত বড় ম্যাচের জন্য উপলব্ধ থাকুক। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো বড় সিরিজ আছে, গুরুত্বপূর্ণ ম্যাচে ওকে আমাদের প্রয়োজন।"
আগারকর নিজেও একজন ফাস্ট বোলার ছিলেন। টিম ইন্ডিয়ার প্রাক্তন এই ক্রিকেটার নিজেও বোঝেন যে, একজন পেসার যখন ইনজুরিতে পড়েন তখন তাঁকে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এটি মাথায় রেখে, তিনি স্বীকার করেছেন যে, বুমরাহ কতটা বিশেষ এবং অনন্য। সেই সঙ্গে বলেছেন, বড় ম্যাচে তাঁর উপস্থিতি দলকে উপকৃত করবে।