ভারতীয় দলের কোচ হিসেবে গম্ভীরের সময়টা সহজ যাচ্ছে না। সীমিত ওভারের সাফল্যের পাশাপাশি টেস্ট ফরম্যাটে ব্যর্থতা, নির্বাচন নিয়ে প্রশ্ন, কর্তৃত্ব বনাম দায়িত্ব—সব মিলিয়ে তাঁকে ঘিরে সমালোচনা চলছে।

তারুর ও গম্ভীর
শেষ আপডেট: 22 January 2026 11:26
দ্য ওয়াল ব্যুরো: ভারতের ক্রিকেট দলের কোচ হওয়া ‘থ্যাঙ্কলেস জব’—কথাটা নতুন নয়। এবার সেই বাস্তব সত্য প্রকাশ্যে স্বীকার করলেন কংগ্রেস সাংসদ শশী তারুর (Shashi Tharoor)। নাগপুরে ভারত–নিউজিল্যান্ড টি-২০ সিরিজের প্রথম ম্যাচের আগে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে সাক্ষাতের পর তাঁকে ‘প্রধানমন্ত্রীর পর দেশের সবচেয়ে কঠিন কাজের দায়িত্বে থাকা মানুষ’বলে উল্লেখ করেন তারুর। এই মন্তব্যের পাল্টা জবাবও দিয়েছেন ভারতীয় দলের হেডকোচ।
শশী তারুর কী বলেছেন?
নাগপুরে নতুন ভিডিসিএ স্টেডিয়ামে (New VCA Stadium) গম্ভীরের সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়া এক্সে পোস্ট করেন তারুর। সেখানে তিনি লেখেন, ‘নাগপুরে আমার পুরনো বন্ধু গৌতম গম্ভীরের সঙ্গে খোলামেলা আলোচনা হল। প্রধানমন্ত্রীর পর ভারতে সবচেয়ে কঠিন কাজটা বোধহয় ওরই।’পরে জুড়ে দেন, গম্ভীর প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের প্রশ্ন, সমালোচনা আর বিচার সহ্য করেও শান্ত থাকেন। শত চাপ সামলেও নির্বিকারভাবে নিজের কাজ করে চলেছেন শুভমানদের হেডস্যার!
গম্ভীরের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া
তারুরের পোস্টে পাল্টা জবাব দেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এক্সে তিনি লেখেন, ‘ধন্যবাদ, ড. শশী থারুর। সময়ের সঙ্গে সঙ্গে কোচের তথাকথিত “অসীম ক্ষমতা”নিয়ে সত্য আর যুক্তি পরিষ্কার হবে। ততদিন আমি নিজের লোকদের বিরুদ্ধেই আমাকে দাঁড় করানোর এই নাটকটা উপভোগ করছি।’কোনও আবেগ বা ব্যাখ্যায় না গিয়ে, সংযত ভাষাতেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন গম্ভীর।
In Nagpur, enjoyed a good &frank discussion with my old friend @GautamGambhir, the man with the hardest job in India after the PM’s! He is being second-guessed by millions daily but stays calm &walks on undaunted. A word of appreciation for his quiet determination and able… pic.twitter.com/LOHPygVV0E
— Shashi Tharoor (@ShashiTharoor) January 21, 2026
কেন এই মন্তব্য গুরুত্বপূর্ণ?
ভারতীয় দলের কোচ হিসেবে গম্ভীরের সময়টা সহজ যাচ্ছে না। সীমিত ওভারের সাফল্যের পাশাপাশি টেস্ট ফরম্যাটে ব্যর্থতা, নির্বাচন নিয়ে প্রশ্ন, কর্তৃত্ব বনাম দায়িত্ব—সব মিলিয়ে তাঁকে ঘিরে সমালোচনা চলছে। এই প্রেক্ষিতে একজন জাতীয় স্তরের রাজনীতিকের প্রকাশ্য সমর্থন তাৎপর্যপূর্ণ। তারুর তাঁর পোস্টে গম্ভীরের ‘নীরব দৃঢ়তা’ আর ‘কার্যকর নেতৃত্বে’র প্রশংসার পাশাপাশি আসন্ন ব্যস্ত সাদা বলের মরশুমে গম্ভীরের সাফল্য কামনা করেছেন।
Thanks a lot Dr @ShashiTharoor! When the dust settles, truth & logic about a coach’s supposedly “unlimited authority” will become clear. Till then I’m amused at being pitted against my own who are the very best! https://t.co/SDNzLt73v5
— Gautam Gambhir (@GautamGambhir) January 21, 2026
সামনে কী?
নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ টিম ইন্ডিয়ার (Team India) জন্য গুরুত্বপূর্ণ, কারণ সামনে রয়েছে বিশ্বকাপ (T20 World Cup 2026)। চলতি সিরিজের প্রথম ম্যাচে ভারত ৪৮ রানে জিতেছে। পরের লড়াই আগামিকাল, রায়পুরে।