দেড়শো না করেই সাজঘরে ফিরেছিলেন কোহলি। ভারতও ম্যাচ জেতেনি। এবার কিছু ছবিটা বদলাতে মাঠে নেমেছেন শুভমান।

শুভমান গিল-বিরাট কোহলি
শেষ আপডেট: 4 July 2025 11:59
দ্য ওয়াল ব্যুরো: একজন রাজা… কিং। অন্যজন রাজপুত্র… প্রিন্স।
২০১৮ সালে রাজা ইংল্যান্ড সফরে এসেছিলেন যখন, তাঁর রাজপাট নিয়ে প্রশ্ন উঠেছিল। নিন্দুকদের চোখা প্রশ্ন আর সমালোচকদের বাঁকা সওয়ালের জবাব স্ট্রেট ব্যাটে দিয়েছিলেন ‘কিং’ কোহলি। এই এজবাস্টনের মাটিতেই! প্রথম ইনিংসে খেলতে নেমে হাঁকান ১৪৯ রান। দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি। বিরাট কোহলি ব্যাট হাতে যতটা না আগ্রাসী ছিলেন, শতরান করে তার চেয়েও বেশি আগ্রাসন ঝরে পড়ে। হেলমেট খুলে স্বভাবসিদ্ধ ঔদ্ধত্য আর দাপট… ফেটে পড়েন উচ্ছ্বাসে। ছাড়েন হুঙ্কার… ‘কাম অন’! বুক চিতিয়ে, দু’হাত ছড়িয়ে!
বহু অনুরাগীর ড্রয়িং রুমে তারপর থেকে শোভা পেয়েছে বিরাটের এই বীরোদ্ধত ছবি। নিজের ঘরেও কি বাঁধাই করে রেখেছিলেন শুভমান গিল? নাকি অবসচেতনে আষ্টেপৃষ্টে সেঁধিয়ে গিয়েছিল? তা না হলে কীভাবে হুবহু কোহলির মতো দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায়, ঘরে-বাইরে অহেতুক সমালোচনার ‘মু তোড়’ জবাব দিয়ে সেঞ্চুরির পর একই স্টাইলে রণহুঙ্কার ছাড়লেন?
দেড়শো না করেই সাজঘরে ফিরেছিলেন কোহলি। ভারতও ম্যাচ জেতেনি। এবার ছবিটা বদলাতে মাঠে নেমেছেন শুভমান। লম্বা খেলেছেন। মাঠে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। দিনের শেষে ইংল্যান্ডের তিন উইকেট তুলে লড়াইয়ে পাকা জমি গড়ে ফেলেছে টিম ইন্ডিয়া। জয়ের গন্ধ ইতিমধ্যে পেতে শুরু করেছে অনুরাগীদের অনেকে। আজ ম্যাচের তিন নম্বর দিন। ভাগ্য কোন দিকে মোড় নিতে চলেছে, দু’টো সেশন শেষ হলেই তার অনেকটা আন্দাজ পাওয়া যাবে।