রোহিত ও বিরাট এখনও ওডিআই খেলছেন। দুজনেরই লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ। তবে গম্ভীর ও নির্বাচন কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে—আসন্ন টুর্নামেন্টে দলে তাঁদের জায়গা স্বয়ংক্রিয় নয়। পারফরম্যান্সই একমাত্র মাপকাঠি।
.jpeg.webp)
বিরাট-রোহিত-গম্ভীর
শেষ আপডেট: 16 March 2026 17:36
দ্য ওয়াল ব্যুরো: প্রশ্নটা দীর্ঘদিন ধরে ঘুরছে। বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) টেস্ট অবসরের পিছনে কি হেডকোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভূমিকা ছিল? কলকাতায় রেভস্পোর্টজ কনক্লেভে সেই প্রশ্নের মুখোমুখি হলেন গম্ভীর। সরাসরি উত্তর এল না। কিন্তু যা জানালেন, তাকে একশব্দে বাঁধতে গেলে বলতে হয়: ‘ভুলস্বীকার’!
‘ভুল করেছি, কিন্তু উদ্দেশ্য সৎ ছিল’
‘রো-কো’-র অবসর নিয়ে গম্ভীরের মন্তব্য, ‘আমি মানুষ। ভুল করার অধিকার আমার আছে, খেলোয়াড়দেরও আছে। গত ১৮ মাসে আমি ভুল করেছি—এটা স্বীকার করতে দ্বিধা নেই। তবে আমার বিশ্বাস, সঠিক উদ্দেশ্যে নেওয়া সিদ্ধান্তের খামতি মেনে নেওয়া যায়। কিন্তু খারাপ উদ্দেশ্যে নেওয়া ভুল সিদ্ধান্ত ড্রেসিং রুমে কখনো গ্রহণযোগ্য নয়!’ সঙ্গে যোগ করলেন, ‘যতদিন ড্রেসিং রুমে চোখে চোখ রেখে কথা বলতে পারব, ততদিন মনে করব আমি ঠিকঠাক কাজ করছি!’
সরাসরি কিছু বলেননি। কিন্তু রোহিত-বিরাটের সম্পর্ক নিয়ে মিডিয়ার জল্পনার কথা উঠতেই এই স্বীকারোক্তি—ইঙ্গিত বেশ স্পষ্ট!
বর্ডার-গাভাসকর ট্রফি, তারপর পতন
পুরো ঘটনার সূত্রপাত নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিপর্যয়কর টেস্ট সিরিজের পর। বিসিসিআই গম্ভীর ও তৎকালীন অধিনায়ক রোহিতকে ডেকে পর্যালোচনা চালায়। তারপর দলের ভেতরে নতুন নির্দেশিকা জারি হয়—খেলোয়াড়দের ব্যক্তিগত স্বাধীনতায় কাটছাঁট। এর কিছুদিনের মধ্যেই টেস্ট থেকে অবসর নেন রোহিত ও বিরাট। একসঙ্গে না হলেও প্রায় পিঠোপিঠি! এতে যোগসূত্র সরাসরি প্রমাণিত নয়। কিন্তু সময়টা চোখে পড়ার মতো।
নতুন অধ্যায়ের ফলাফল
রোহিত-বিরাটের অবসরের পর শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে নতুন দল গড়ে উঠছে। গম্ভীর-গিল জুটিতে ইংল্যান্ডে ড্র, ওয়েস্ট ইন্ডিজ জয়, দক্ষিণ আফ্রিকায় হার—ফল মিশ্র। কিন্তু টিম ইন্ডিয়ার স্বতন্ত্র স্টাইল ও পরিচয় তৈরি হচ্ছে—এটা দিনের আলোর মতো স্পষ্ট।
উল্লেখ্য, রোহিত ও বিরাট এখনও ওডিআই খেলছেন। দুজনেরই লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ। তবে গম্ভীর ও নির্বাচন কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে—আসন্ন টুর্নামেন্টে দলে তাঁদের জায়গা স্বয়ংক্রিয় নয়। পারফরম্যান্সই একমাত্র মাপকাঠি।