শেষ পাঁচ বছরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটাও বড় টুর্নামেন্টে জিততে পারেনি দল। ফলে ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে—তিনি কি আদৌ এই দলকে আর সামনে নিয়ে যেতে পারবেন?

হরমনপ্রীত
শেষ আপডেট: 13 October 2025 11:48
দ্য ওয়াল ব্যুরো: মাঠে হার, আর মাঠের বাইরে ঝড়। অস্ট্রেলিয়ার (Australia) কাছে রেকর্ড হারের পর সোশ্যাল মিডিয়ার রোষে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। একদিকে দলের বিপর্যয়, অন্যদিকে অধিনায়কের ব্যাটে রান না পাওয়া—সব মিলিয়ে ক্ষুব্ধ সমর্থকরা এখন একবাক্যে বলছেন, ‘এভাবে আর চলবে না! হরমন অবসর নিন।’
বিশাখাপত্তনমে (Vizag) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের (Women’s World Cup 2025) ম্যাচের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) আর প্রতীকা রাওয়ালের (Pratika Rawal) জুটিতে ১৫৫ রান। স্কোরবোর্ডে ২৯৪/৫—দেখে মনে হচ্ছিল ৩৫০ অবধি যাবে ভারত।
কিন্তু ঠিক তখনই আচমকা ধস। শেষ সাত ওভারে ছ’উইকেট হারিয়ে দল থেমে যায় ৩৩০-এ। আর সেই টার্গেট তাড়া করে ৩৩১ রান তুলে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া—যা মহিলা ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় রানচেজের রেকর্ড।
ম্যাচ শেষে হরমনপ্রীত বলেন, ‘শেষ ছ’ওভারে আমরা আরও ৩০–৪০ রান তুলতে পারতাম। সেখানেই ম্যাচ হাতছাড়া হয়েছে!’ আর এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক। অনেকেই বলছেন, অধিনায়ক শুধু ভুল খুঁজছেন, নিজে দায়িত্ব নিচ্ছেন না। কারণ, তাঁর ব্যাটই পুরো টুর্নামেন্টে নিষ্প্রভ। পাঁচ ম্যাচে মোটে ৭১ রান, একটাও হাফসেঞ্চুরি নেই। সোশ্যাল মিডিয়ায় অনেকে খোলাখুলিই লিখেছেন—‘নিজে রান পাচ্ছেন না, অথচ জুনিয়রদের ওপর রাগ দেখাচ্ছেন!’ ঘটনাও আছে এর পেছনে। ম্যাচের সময় দ্রুত সিঙ্গল না নেওয়ায় সতীর্থ হারলিন দেওলকে (Harleen Deol) রেগে কিছু একটা বলেছিলেন হরমনপ্রীত—যা ক্যামেরায় ধরা পড়ে। মুহূর্তে সেটি ভাইরাল হয় আর বয়ে যায় সমালোচনার ঢেউ! একজন সমাজমাধ্যমে লিখেছেন, ‘নেতৃত্ব মানে শুধু রাগ দেখানো নয়!’ আরেকজনের মতে, ‘ভারতের দরকার নতুন নেতৃত্ব। হয়তো সময় এসেছে স্মৃতিকে দায়িত্ব দেওয়ার!’
প্রশ্ন উঠছে দলের কৌশল নিয়েও। হরমনপ্রীতের নেতৃত্বে ভারত এবারও খেলেছে পাঁচ বোলার নিয়ে, কিন্তু ফল উল্টো। অজি ব্যাটাররা সেই সুযোগ কাজে লাগিয়ে অনায়াসে রান তুলেছে। তরুণ পেসার ক্রান্তি গৌড় (Kranti Gaud) ও স্পিনার স্নেহ রানা (Sneh Rana), দীপ্তি শর্মা (Deepti Sharma) কেউই আটকাতে পারেননি অস্ট্রেলিয়ার রানের বন্যা। বিশেষ করে রেণুকা ঠাকুর (Renuka Thakur) আর রাধা যাদবকে (Radha Yadav) না খেলানোর সিদ্ধান্তকেও প্রশ্নবিদ্ধ করছেন বিশেষজ্ঞরা।
অস্ট্রেলিয়া ম্যাচের আগে থেকেই হরমনপ্রীতের ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তা ছিল। এবার অধিনায়কত্ব নিয়েও সওয়াল উঠেছে। শেষ পাঁচ বছরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটাও বড় টুর্নামেন্টে জিততে পারেনি দল। ফলে ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে—তিনি কি আদৌ এই দলকে আর সামনে নিয়ে যেতে পারবেন? ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আপাতত কিছু বলেনি, কিন্তু দলের অন্দরে চাপ বাড়ছে। সামনে ইংল্যান্ডের (England) ম্যাচ—ইন্দোরে (Indore) আবারও বড় রান আসার সম্ভাবনা। তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সময় হাতে খুব বেশি নেই।