ক্রিকেট ইতিহাসে এটি তৃতীয়বারের মতো হবে, যখন পাঁচ বা তার বেশি দল নিয়ে পুরুষদের আন্তর্জাতিক টুর্নামেন্টে দুটি দল একে অপরের মুখোমুখি তিন বার হচ্ছে।
.png.webp)
ভারত বনাম পাকিস্তান
শেষ আপডেট: 28 September 2025 16:15
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ এশিয়া কাপের ফাইনালের (Asia Cup 2025 Final) জন্য প্রস্তুত মঞ্চ। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India vs Pakistan) ভারতীয় সময় অনুযায়ী আজ রাত আটটায় ট্রফির জন্য মুখোমুখি হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
মজার ব্যাপার হল, ২০২৫ সালের এশিয়া কাপে ভারত ও পাকিস্তান তৃতীয়বারের মতো মুখোমুখি হবে। ক্রিকেট ইতিহাসে এটি তৃতীয়বারের মতো হবে, যখন পাঁচ বা তার বেশি দল নিয়ে পুরুষদের আন্তর্জাতিক টুর্নামেন্টে দুটি দল একে অপরের মুখোমুখি তিন বার হচ্ছে।
এটি প্রথম ঘটেছিল ১৯৮৩ সালের বিশ্বকাপে, যেখানে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ তিনবার একে অপরের মুখোমুখি হয়েছিল। দ্বিতীয়বার এটি ঘটেছিল ২০০৪ সালের ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে এশিয়া কাপে। এটি তৃতীয়বারের মতো ভারতের ক্ষেত্রে ঘটবে ২০২৫ সালের এশিয়া কাপে। এই নজির আর অন্য কোনও দেশের নেই।
চলমান এশিয়া কাপ ২০২৫-এ টিম ইন্ডিয়া এখনও অপরাজিত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দলটি ২০২৫ এশিয়া কাপে একটিও ম্যাচ হারেনি। দলটি গ্রুপ পর্বে অপরাজিত ছিল, গ্রুপ এ-তে তারা পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে সুপার ফোর পর্বে ওঠে।
সুপার ফোরেও ভারতের দুরন্ত পারফরম্যান্স অব্যাহত ছিল। টিম ইন্ডিয়া পরপর হারায় বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে। তবে শেষ ম্যাচে শ্রীলঙ্কা অবশ্য রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। ভারত শেষ প্রর্যন্ত জেতে সুপার ওভারে।
চলতি টুর্নামেন্টে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে দুটি ম্যাচে খেলেছে, তাতে সলমন আঘা ব্রিগেডকে সহজেই হারিয়েছে। এখন তারা শিরোপা জয়ের জন্য আরেকটি জয়ের আশায় থাকবে। অন্যদিকে, পাকিস্তান তাদের আগের দুটি পরাজয়ের প্রতিশোধ নিতে আগ্রহী। আজ রাতেই জানা যাবে কে এশিয়ার রাজা।