ভারত–পাক ম্যাচ এখন শুধু ক্রিকেট নয়, ব্র্যান্ড। আবেগ, ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা—সব মিলিয়ে জনপ্রিয়তম প্যাকেজ। ফলাফল আগে থেকে আন্দাজ করা গেলেও, আশ্চর্যজনকভাবে, দর্শকের আগ্রহ কমছে না। বরং বাড়ছে।

ছবি: গুগল
শেষ আপডেট: 20 February 2026 14:50
দ্য ওয়াল ব্যুরো: মাঠে যতই ফারাক থাকুক, টিভি ও মোবাইলের পর্দায় ভারত–পাকিস্তান ম্যাচ যে এখনও তীব্র উন্মাদনার জন্ম দিতে পারে তার প্রমাণ চলতি টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। কলম্বোয় (Colombo) দু-দলের দ্বৈরথ এই নজির আরও একবার মেলে ধরল। মাঠে একপেশে ফলাফল সত্ত্বেও দর্শকসংখ্যার হিসেবে লেখা হল নতুন রেকর্ড। সরকারি ডিজিটাল ও সম্প্রচার অংশীদার জিওস্টার (JioStar) জানিয়েছে, গেল রবিবারের ম্যাচে ডিজিটাল রিচ ছিল ১৬৩ মিলিয়ন। আইসিসি (ICC) টি-২০ বিশ্বকাপ ইতিহাসে এর আগে কোনও ম্যাচ এত দর্শক টানেনি। এমনকি ২০২৪ সালের ফাইনাল—যেখানে রোহিত শর্মার দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল—সেই খেলাও এই সংখ্যার ধারেকাছে পৌঁছতে ব্যর্থ!
ডিজিটালে বিস্ফোরণ, উল্লম্ফন টিভিতেও
জিওস্টারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ভারত–পাক ম্যাচের তুলনায় ২০২৬ সালের এই লড়াইয়ে ডিজিটাল রিচ বেড়েছে ৫৬ শতাংশ। মোবাইলে যে কোনও আইসিসি টি-২০ ইভেন্টের লিগ পর্বে সর্বোচ্চ ভিউয়ারশিপ। আগের সংস্করণের ভারত–পাক ম্যাচের তুলনায় ১.২ গুণ বেশি।
পিছিয়ে নেই সিটিভি-ও (CTV)। এখানে রিচ বেড়েছে ২.৪ গুণ। সব স্ক্রিন মিলিয়ে মোট ওয়াচ টাইম ২০ বিলিয়ন মিনিট। আগের সংস্করণের তুলনায় কনজাম্পশন বৃদ্ধি ৪২ শতাংশ। লিনিয়ার টিভিতে টিআরপি (TVR) বেড়েছে ৭১ শতাংশ—২০২১ সালের পর থেকে সর্বোচ্চ রেটিং পাওয়া ভারত–পাক টি-২০ ম্যাচের গৌরব অর্জন করেছে এই লড়াই। অর্থাৎ, সূর্যকুমার যাদব মুখে যতই অস্বীকার করুন, নিখাদ পরিসংখ্যান বলছে, পাক-ম্যাচের ‘গ্রেটেস্ট রাইভালরি’ তকমা এখনও অমলিন।
একপেশে ম্যাচ, তবু আগ্রহ অটুট
এবারের ম্যাচে টিম ইন্ডিয়া দাপট দেখিয়ে জিতেছে। আইসিসি টি-২০ বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে ভারতের পক্ষে রেকর্ড আপাতত ৮-১। মানের ফারাক স্পষ্ট। সাম্প্রতিক বছরগুলোয় লড়াই তেমন হাড্ডাহাড্ডি হয়নি। তবু দর্শকসংখ্যা আকাশছোঁয়া। এশিয়া কাপে (Asia Cup) সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) বক্তব্য ছিল, এই রাইভালরি নিয়ে অত আবেগ নেই। কিন্তু মাঠের বাইরের হিসেব অন্য কথা বলছে। রাজনৈতিক টানাপড়েন, ক্রিকেটীয় ব্যবধান—কিছুই দর্শকদের আটকাতে পারছে না।
ব্র্যান্ড ‘ইন্ডিয়া–পাক’ অক্ষয়
ভারত–পাক ম্যাচ এখন শুধু ক্রিকেট নয়, ব্র্যান্ড। আবেগ, ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা—সব মিলিয়ে জনপ্রিয়তম প্যাকেজ। ফলাফল আগে থেকে আন্দাজ করা গেলেও, আশ্চর্যজনকভাবে, দর্শকের আগ্রহ কমছে না। বরং বাড়ছে। ক্রিকেটীয় মানের বিচারে ব্যবধান থাকলেও বাণিজ্যিক দিক থেকে এই দ্বৈরথ এখনও ‘সোনার খনি’। সংখ্যাই তার প্রমাণ। মাঠে যতই একপেশে খেলা হোক, পর্দায় ভারত–পাক ম্যাচ মানেই সর্বোচ্চ টিআরপি, সর্বাধিক রিচ—এ যেন অমোঘ।