এশিয়া কাপ ২০২৫-এ জয়ের পরও ট্রফি হাতে পায়নি ভারতীয় দল। সেই ট্রফি এখনও রয়েছে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) দফতরে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভি নাকি নির্দেশ দিয়েছিলেন, তাঁর অনুমতি ছাড়া ট্রফি সরানো যাবে না।

ট্রফি হাতে সূর্যকুমার
শেষ আপডেট: 9 November 2025 00:10
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার মাটিতে আবারও ইতিহাস গড়ল ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২–১ ব্যবধানে সিরিজ জিতে ১৩ বছর ধরে চলা অপরাজিত রেকর্ড বজায় রাখল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। শনিবার ব্রিসবেনে (Brisbane) শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেও, সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু ট্রফি হাতে নেওয়ার মুহূর্তেই সূর্যকুমারের এক মন্তব্য ফের আলোচনায় আনল এশিয়া কাপ বিতর্ককে।
সাংবাদিকদের প্রশ্নে সূর্যকুমার যাদব হাসতে হাসতে বললেন, “ট্রফিটা হাতে পেয়ে সত্যিই দারুণ লাগছে। আসলে জেতার পর ট্রফি হাতে ধরে দেখার অনুভূতিটাই অন্যরকম। কয়েক দিন আগেই আমাদের মেয়েরা বিশ্বকাপ জিতেছে, সেই ট্রফিটাও দেশে এসেছে। এবার এই ট্রফিটা ছুঁতে পেরেও বেশ ভালো লাগছে, এবারে অন্তত ট্রফি ছুঁতে তো পারলাম।”, অনেকেই মনে করছেন, অধিনায়কের মন্তব্যের মধ্যেই লুকিয়ে ছিল খোঁচা-ঠাট্টা, যা এশিয়া কাপ ট্রফি বিতর্কের দিকেই ইঙ্গিত দিচ্ছে।
প্রসঙ্গত, এশিয়া কাপ ২০২৫-এ জয়ের পরও ট্রফি হাতে পায়নি ভারতীয় দল। সেই ট্রফি এখনও রয়েছে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) দফতরে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভি নাকি নির্দেশ দিয়েছিলেন, তাঁর অনুমতি ছাড়া ট্রফি সরানো যাবে না। এমনকি তিনি দাবি করেছিলেন, ভারতীয় দলকে ট্রফি তাঁর হাত থেকেই নিতে হবে, যা অধিনায়ক সূর্যকুমার যাদব এবং টিম ইন্ডিয়া স্পষ্টভাবে নাকচ করে দেন।
পহেলগামে পাক জঙ্গিদের হামলায় ২৬ ভারতীয়র মৃত্যুর পর ভারত-পাকিস্তান সম্পর্কে চির ধরেছে। তার কয়েকমাসের মধ্যেই পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট খেলা নিয়েও নানা সমালোচনা হয়েছিল। পাক ক্রিকেট টিমকে বয়কটের ডাকও দেওয়া হয়। যদিও শেষ পর্যন্ত খেলার মাঠে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। প্রতিবারেই জিতেছে টিম ইন্ডিয়া। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারায় সূর্যর বাহিনী। ক্রীড়া মহলের দাবি, পহেলগামে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই ভারতীয় দল ম্যাচ শেষে পাক ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেনি এবং পিসিবি চেয়ারম্যানের হাত থেকে ট্রফিও নিতে অস্বীকার করেছিল।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, ট্রফি বিতর্ক মেটাতে দুই বোর্ডের মধ্যে ইতিমধ্যেই কথা শুরু হয়েছে। আইসিসির সাম্প্রতিক বৈঠকের সময় ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক হয়েছে, যা আপাতত ইতিবাচক বলেই মনে করা হচ্ছে। তাঁর কথায়, "দুই পক্ষই গঠনমূলক আলোচনায় অংশ নিয়েছে। আইসিসির উপস্থিতিতে আলোচনার সূত্রপাত হয়েছে এবং আগামী দিনে বিষয়টি ইতিবাচক দিকে এগলে শীঘ্রই সমস্যার সমাধান হবে।'