জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ বলেছেন, অধিনায়ক হিসাবে সূর্য এই সিদ্ধান্ত নিতেই পারেন।
_0.png.webp)
সৌরভ গঙ্গোপাধ্যায় ও সুর্যকুমার যাদব
শেষ আপডেট: 20 September 2025 15:03
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন (Handshake Controversy) করতে অস্বীকৃতি জানানোর জন্য ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav) পাশে দাঁড়ালেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ বলেছেন, অধিনায়ক হিসাবে সূর্য এই সিদ্ধান্ত নিতেই পারেন। ২০২৫ সালের এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের পর যে করমর্দন বিতর্ক শুরু হয়েছিল তা ক্রিকেটের থেকে বেশি কূটনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।
টিম ইন্ডিয়া পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানানোর পর পাকিস্তান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে প্রশ্নবিদ্ধ করে, এমনকি তাঁকে অপসারণের দাবিও করে। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছয় যে, পাকিস্তান সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচ থেকে সরে আসার হুমকিও দেয়।
একটি সংবাদ চ্যানেলের সঙ্গে কথা বলার সময়, জাতীয় দলের প্রাক্তন অধিনয়ক সৌরভ বলেন, সূর্যকুমার ভারতীয় দলের অধিনায়ক এবং তাঁর সিদ্ধান্তকে সমর্থন করা উচিত। বাংলার মহারাজ বলেছেন, "সূচি ঘোষণা হওয়ার পরে, ম্যাচটি অবশ্যই হতে হবে। করমর্দন না করার বিষয়ে সূর্যর সিদ্ধান্ত সঠিক। সূর্য ভারতের অধিনায়ক। এটি তার সিদ্ধান্ত। অতএব, ও যে সিদ্ধান্তই নিক না কেন, এটি তার সিদ্ধান্ত।"
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত-পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচে, পাকিস্তানকে হারানোর পর ভারত করমর্দনের ঐতিহ্য ভেঙেছে বলে দাবি পাকিস্তানের। অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে পুরো দল পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে বা ম্যাচ-পরবর্তী ফটো সেশনে অংশ নিতে অস্বীকৃতি জানায়। সূর্যকুমার এবং প্রধান কোচ গৌতম গম্ভীরের এই পদক্ষেপকে পহেলগাম সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জনের পরিবারের প্রতি সহমর্মিতা প্রদর্শন হিসাবে দেখা হচ্ছে। ঘটনাটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং ভারতীয় সমর্থকরা দলের পদক্ষেপের প্রশংসা করেন। অন্যদিকে পাকিস্তানি মিডিয়া এবং সেদেশের প্রাক্তন খেলোয়াড়রা এটিকে খেলার চেতনার বিরুদ্ধে বলে অভিহিত করেন। কাল (২১ সেপ্টেম্বর) সুপার ফোরের ম্যাচে ভারত ফের মুখোমুখি হবে পাকিস্তানের। গত কয়েক দিনের ঘটনাবলী আসন্ন ম্যাচটির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।