কেএল রাহুল এদিন ১০১ বলে ৫০ হাঁকিয়ে নিজের টেস্ট কেরিয়ারের ২০তম অর্ধশতকটি তুলে নিলেন।

লোকেশ রাহুল
শেষ আপডেট: 2 October 2025 17:36
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট (India vs West Indies, First Test)। ক্যারিবিয়ান অধিনায়ক রস্টন চেজ টসে জিতে দিনটা শুরু করলেও, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা তাঁর সিদ্ধান্তের প্রতি সম্মান জানাতে পারলেন না।
মধ্যাহ্ন ভোজনের আগেই ২৩.২ ওভারে ৯০ রানে পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। লাঞ্চ থেকে ফিরে এসেও উইকেট পতন অব্যাহত থাকে তাদের। টি-ব্রেকের আগেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৬২ রানে।
জবাবে ব্যাট করতে নেমে ভালই শুরু করেছিলেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। মাঝে অবশ্য কিছুক্ষণ বৃষ্টির জন্য খেলা বন্ধ ছিল। ৬৮ রানে ভারতের প্রথম উইকেটের পতন হয়। জ্যাডেন সিলসের বলে ৩৬ রান করে যশস্বী জয়সওয়াল উইকেটরক্ষক শাই হোপের হাতে ক্যাচ তুলে দেন। এদিনও ফার্স্ট ডাউনে নেমে রান পেলেন না সাই সুদর্শন। মাত্র ৭ রান করে রস্টন চেজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান তিনি।
কেএল রাহুল এদিন ১০১ বলে ৫০ হাঁকিয়ে নিজের টেস্ট কেরিয়ারের ২০তম অর্ধশতকটি তুলে নিলেন। প্রথম দিন স্টাম্প ঘোষণার সময় ভারতের রান ছিল দুই উইকেট হারিয়ে ১২১। অপরাজিত অবস্থায় মাঠ ছেড়েছন শুভমান গিল (১৮) ও রাহুল (৫৩)। ভারত প্রথম ইনিংসে পিছিয়ে ৪১ রানে।
প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল খুবই খারাপ। প্রথম ঘন্টাতেই ৪২ রানে চার উইকেট হারায় তারা। মহম্মদ সিরাজ তেজনারায়ণ চন্দরপল (০), ব্র্যান্ডন কিং (১২) এবং অ্যালিক অ্যাথানাজকে (১৩) আউট করেন, অন্যদিকে জসপ্রীত বুমরাহর শিকার হন জন ক্যাম্পবেল (৮)।
এরপর পঞ্চম উইকেটে অধিনায়ক রস্টন চেজ এবং শাই হোপ ৪৮ রান যোগ করেন। হোপকে ফেরান কুলদীপ যাদব। ২৬ রান করে কুলদীপের ঘূর্ণিতে পরাস্ত হয়ে তিনি প্যাভিলিয়নে ফেরেন। এরপরই আম্পায়াররা মধ্যাহ্নভোজন ঘোষণা করেন।
লাঞ্চের পর দলীয় ১০৫ রানে ফিরে যান চেজ (২৪)। তাঁকে শিকার করে নিজের চতুর্থ উইকেটটি তুলে নেন সিরাজ। শেষ পর্যন্ত ১৬২ রানে শেষ হয় ক্যারিবিয়ানদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ রান করেন জাস্টিন গ্রেভস (৩২)। ভারতের হয়ে সিরাজ নিয়েছেন চারটি উইকেট, বুমরাহর পকেটে ঢুকেছে তিনটি উইকেট। এছাড়া কুলদীপ দুটি ও ওয়াশিংটন সুন্দর নিয়েছেন একটি উইকেট।