নায়ার ও তাঁর সঙ্গী ওয়াশিংটন সুন্দর দৌড়ে তিন রান নিয়ে ফেলেছেন। চতুর্থ রানেরও সুযোগ ছিল। কিন্তু করুণ হাত তুলে ইশারা করলেন। জানালেন—আর নয়।

করুণ নায়ার-ক্রিস ওকস
শেষ আপডেট: 1 August 2025 12:37
দ্য ওয়াল ব্যুরো: স্টোকস-জাদেজার ‘হ্যান্ডশেক-বিতর্ক’ থেকে শুভমান-ক্রলির ‘সময় নষ্ট নিয়ে বাদানুবাদ। চলতি ইংল্যান্ড সিরিজে বারেবারে ঝামেলায় জড়িয়েছেন দুই শিবিরের খেলোয়াড়রা।
এই ‘বিভেদে’র মধ্যে এবার যেন ‘মিলনে’র ফুল হয়ে ধরা দিলেন করুণ নায়ার। পটভূমি: কেনিংটন ওভাল। পঞ্চম টেস্টের প্রথম দিনে স্পিরিট অফ ক্রিকেটের বার্তা পেশ করলেন টিম ইন্ডিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান। লড়াই যখন টানটান, ঠিক তখনই ক্ষুদ্র স্বার্থ ভুলে ইংরেজ প্রতিপক্ষের পাশে দাঁড়ালেন তিনি।
তখন ইনিংসের মাঝামাঝি সময়। বল মাঠের প্রান্তে ছুটে গিয়েছে। নায়ার ও তাঁর সঙ্গী ওয়াশিংটন সুন্দর দৌড়ে তিন রান নিয়ে ফেলেছেন। চতুর্থ রানেরও সুযোগ ছিল। কিন্তু করুণ হাত তুলে ইশারা করলেন। জানালেন—আর নয়।
কারণ? তখন মাঠে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন ক্রিস ওকস। বল বাঁচাতে গিয়ে বাঁ-কাঁধে আঘাত পান ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার। ভিজে আউটফিল্ডে হঠাৎ হড়কে যান। পড়ে যাওয়ামাত্র ব্যথায় চিৎকার করে ওঠেন। উঠে দাঁড়ানোর আগেই বোঝা যায়, চোট গুরুতর। ব্যথায় কাঁধ চেপে ধরেন ওকস। সঙ্গে সঙ্গে ছুটে আসে মেডিক্যাল টিম। শেষমেশ সোয়েটারকে স্লিং বানিয়ে কোনওক্রমে ময়দান ছেড়ে ড্রেসিং রুমে ফিরে যান।
সবচেয়ে বড় দুঃসবাদটা জানা যায় দিনের শেষে। খবর আসে, সম্ভবত সিরিজের এই শেষ টেস্টে আর দেখা যাবে না তাঁকে। প্রথম টেস্ট থেকেই শুরু থেকে প্রতিটি ম্যাচেই খেলেছেন ওকস। কিন্তু সিরিজ নির্ধারণকারী লড়াইয়ের গুরুত্বপূর্ণ মুহূর্তে ছিটকে গেলেন তিনি।
খেলা শেষে ইংল্যান্ডের আরেক পেসার গাস অ্যাটকিনসন বিবিসি স্পোর্টকে বললেন, ‘দেখে ভাল ঠেকছে না। আমি অবাক হব যদি ও এই ম্যাচে আর খেলতে পারে। সিরিজের শেষ ম্যাচ। যে কোনও আঘাত দুঃখজনক। আমরা আশা করছি, যেন খুব খারাপ কিছু না হয়। আমরা সবাই ওকসের পাশে আছি!’
প্রসঙ্গত, এই চোটের আগে পর্যন্ত ইংরেজ পেসার বল হাতে সেভাবে ছাপ রাখতে পারেননি। পুরো সিরিজে ১১টি উইকেট নিয়েছেন, গড় ৫২.১৮। সেরা বোলিং ৩/৮৪। অন্যদিকে, অ্যাটকিনসন চোট কাটিয়ে প্রথমবার খেলতে নেমেছেন। ফলে বাকি চারদিন কারা দায়িত্ব সামলাবেন, জবাব খুঁজছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।
যদিও প্রথম দিন আর সবকিছু ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় করুণ নায়ারের ‘স্পিরিট অব ক্রিকেট’ ঝড় তুলেছে। ‘ওর প্রতি সম্মান আরও বেড়ে গেল। করুণ চাইলেই চার রান নিতে পারতেন। কিন্তু ক্রিস্টোফার ওকসকে মাঠে পড়ে থাকতে দেখে তিনি তা করলেন না!’ ভেসে এসেছে এমন বেশ কিছু সহৃদয় মন্তব্য।