ভনের মতে, কাপ জেতার সবচেয়ে কার্যকর কৌশল সেরা দলকে যত তাড়াতাড়ি সম্ভব টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া। তাঁর ভাষায়, ‘সাধারণত এটা হয় না, হওয়া উচিতও নয়। কিন্তু বিশ্বকাপ জিততে চাইলে সেরা দলকে আগেই ছাঁটাই করতে হয়!’

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 13 March 2026 15:24
দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপ শেষ হয়েছে। ভারত চ্যাম্পিয়ন। কিন্তু টুর্নামেন্ট খতম হলেও বিতর্ক থামেনি। টিম ইন্ডিয়ার খেতাব জয় নিয়ে এবার মুখ খুললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন (Michael Vaughan)। তাঁর দাবি, দক্ষিণ আফ্রিকা চাইলে ভারতকে টুর্নামেন্ট থেকেই ছিটকে দিতে পারত। কিন্তু নিজেদের অজান্তেই সূর্য বাহিনীর বিশ্বকাপ জয়ের পথ সহজ করে দিয়েছে প্রোটিয়ারা।
ভনের যুক্তি কী?
‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে প্রাক্তন ইংরেজ অধিনায়ক বলেন, ‘এই টুর্নামেন্টের সবচেয়ে বোকা দল কে জানেন? দক্ষিণ আফ্রিকা। সুপার এইটে যদি ওয়েস্ট ইন্ডিজকে তারা জিততে দিত, ভারত ছিটকে যেত। আমি শুধু বলছি—টিম ইন্ডিয়ার ওই অপ্রতিহত শক্তিকে থামানোর সুযোগ তাদের হাতে ছিল!’
সুপার এইটে ভারত দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে পরাস্ত হয়। সেই হারের পর দলের অবস্থা বেশ নড়বড় হয়ে পড়েছিল। সেমিফাইনালে যেতে হলে বাকি দুটো ম্যাচ—জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে—জিততেই হত!
সেই সময় আমদাবাদে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকে এক চোখ রেখেই জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। প্রোটিয়ারা ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। যার ফলে কলকাতায় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল হয়ে যায়। সেই লড়াই জিতে ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে খেতাব হাতে তোলে টিম ইন্ডিয়া।
ভনের অঙ্ক বেশ স্পষ্ট। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সেই ম্যাচ জেতায় ভারতের অপ্রতিহত শক্তি এগিয়ে যাওয়ার সুযোগ পেল। জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ, তারপর ইংল্যান্ডকে পরপর হারাল। অথচ দক্ষিণ আফ্রিকা পরের ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন খেলোয়াড়কে বিশ্রামও দিল!’
বিশ্বকাপ জিততে হলে সেরা দলকে আগেই বিদায় করো
ভনের মতে, কাপ জেতার সবচেয়ে কার্যকর কৌশল সেরা দলকে যত তাড়াতাড়ি সম্ভব টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া। তাঁর ভাষায়, ‘সাধারণত এটা হয় না, হওয়া উচিতও নয়। কিন্তু বিশ্বকাপ জিততে চাইলে সেরা দলকে আগেই ছাঁটাই করতে হয়!’
পরিহাস এই, যে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) নিউজিল্যান্ড (New Zealand) বড় ব্যবধানে হারিয়ে বিদায় করে দিয়েছে। বিশ্বকাপের অপেক্ষা প্রোটিয়াদের আরও দীর্ঘ হল। আর মাইকেল ভনের অনুমান সত্যি হলে, ভারতকে ‘বাঁচিয়ে’ দেওয়ার গল্প রয়ে গেল ক্রিকেটের ইতিহাসে।