প্রিন্স এখন ক্যাপিটালস শিবিরে রাজকীয় রঙ যোগ করতে প্রস্তুত! আমরা খুবই খুশি যে, সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের নতুন প্রধান কোচ হয়েছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: 24 August 2025 17:06
দ্য ওয়াল ব্যুরো: ফের শিরোনামে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। প্রাক্তন এই ভারতীয় অধিনায়ককে আসন্ন এসএ২০ লিগে (SA20 League) প্রিটোরিয়া ক্যাপিটালসের (Pretoria Capitals) প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে। ফ্র্যাঞ্চাইজিটি রবিবার আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করেছে।
প্রিটোরিয়া ক্যাপিটালস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছে, “প্রিন্স এখন ক্যাপিটালস শিবিরে রাজকীয় রঙ যোগ করতে প্রস্তুত! আমরা খুবই খুশি যে, সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের নতুন প্রধান কোচ হয়েছেন। এটি হবে পেশাদার ক্রিকেট দলের সঙ্গে প্রধান কোচ হিসাবে সৌরভের প্রথম মেয়াদ। আমরা অপেক্ষায় আছি।”
ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার জোনাথন ট্রট ক্যাপিটালসের প্রধান কোচ পদ থেকে পদত্যাগ করার ঠিক একদিন পরেই সৌরভের নিয়োগের খবর সামনে এসেছে। শনিবার ইনস্টাগ্রামে ফ্র্যাঞ্চাইজিটি ট্রটকে ধন্যবাদ জানিয়ে লিখেছে, “জোনাথন ট্রট, আপনার নেতৃত্ব এবং দলের প্রতি নিষ্ঠার জন্য আমরা সর্বদা কৃতজ্ঞ থাকব। আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা।”
উল্লেখ্য, এবার ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের সঙ্গে সংঘর্ষ এড়াতে এসএ২০ লিগের সময়সূচী পরিবর্তিত করা হয়েছে। টুর্নামেন্টটি ২৬ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরে ক্যাপিটালস গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন। এর আগে দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা হিসাবে দেখা গিয়েছে বাংলার মহারাজকে। গত ডব্লিউপিএলে তিনি দিল্লির মহিলা দলের সঙ্গে যুক্ত ছিলেন।
২০১২ সালে সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন সৌরভ। এরপর থেকে বিভিন্ন প্রশাসনিক এবং উপদেষ্টা পদে দেখা গিয়েছে তাঁকে। তিনি ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে চার বছর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর সভাপতি ছিলেন। ২০১৯ সালের অক্টোবরে বিসিসিআই সভাপতি হওয়ার আগে সৌরভ দিল্লি ক্যাপিটালস আইপিএল দলের উপদেষ্টা হিসাবে নিযুক্ত হন। ২০২৩ সালে তিনি টিম ডিরেক্টর হিসাবে ক্যাপিটালস-এ ফিরে আসেন। জেএসডব্লিউ এবং ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক জিএমআর গ্রুপের মধ্যে একটি চুক্তির মাধ্যমে ২০২৪ সালের অক্টোবরে সৌরভকে জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেট প্রধান নিযুক্ত করা হয় এবং মহিলা ফ্র্যাঞ্চাইজি এবং প্রিটোরিয়া ক্যাপিটালসের তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়। দুই বছর আগে লিগের প্রথম সংস্করণে রানার্সআপ হয় প্রিটোরিয়া। তবে গত মরশুমে তারা ছয়টি দলের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছিল।