সদ্য সিএবি-র সভাপতি (CAB President) হয়ে আবারও বাংলার ক্রিকেট প্রশাসনে ফিরেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

সৌরভ গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: 15 September 2025 20:26
দ্য ওয়াল ব্যুরো: সদ্য সিএবি-র সভাপতি (CAB President) হয়ে আবারও বাংলার ক্রিকেট প্রশাসনে ফিরেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক হিসেবে তিনি যেমন পাকিস্তানের বিরুদ্ধে অসংখ্য লড়াইয়ের সাক্ষী, তেমনই মাঠের বাইরেও তাঁর উপস্থিতি সবসময় আলোচনায় থাকে। তবে এ বার ভারত-পাকিস্তান (India Pakistan Match) ম্যাচে খেলোয়াড়দের হাত না মেলানোর বিতর্কে সরাসরি প্রতিক্রিয়া না জানালেও সন্ত্রাসবাদ নিয়ে কথা বলতে ছাড়লেন না মহারাজ। জানালেন, বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ বন্ধ হওয়া উচিত, খেলা নয়।
বস্তুত, রবিবার এশিয়া কাপের (Asia Cup) গ্রুপ পর্বে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পরে প্রথম দ্বৈরথ ঘিরে দেশ জুড়ে প্রবল বিতর্ক হয়েছিল। অনেকেই দাবি তুলেছিলেন, পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা বন্ধ হোক। কিন্তু খেলার মাধ্যমে যা জবাব দেওয়ার দিয়েছেন সূর্যকুমার যাদবরা। পাকিস্তানকে হেলায় হারিয়েছে ভারত।
তবে আলোচনার কেন্দ্রে চলে আসে ম্যাচ শেষের ঘটনা। সাধারণত খেলার শেষে দুই দলের ক্রিকেটাররা হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করেন। কিন্তু এ বার ভারতীয় ক্রিকেটাররা সেই পথে হাঁটেননি। পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করে সরাসরি ড্রেসিংরুমে ফিরে যান সূর্যকুমাররা। কোচ গৌতম গম্ভীরও দলের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন।
রবিবার ভারতীয়রা কালো আর্মব্যান্ড পরেননি ঠিকই, তবে টসের পর পাকিস্তানের অধিনায়ক সলমন আঘার সঙ্গে হাত মেলানো এড়িয়ে যান সূর্যকুমার যাদব। স্পষ্ট বার্তা দেন, খেলায় নামলেও প্রতিপক্ষকে সম্মান দেখানো হবে না।
পাকিস্তান ক্রিকেট বোর্ড এই করমর্দন বিতর্ক নিয়ে ইতিমধ্যেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে অভিযোগ জানিয়েছে। এমনকি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে সরানোর দাবিও তুলেছে তারা।
এই প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য বিতর্কে সরাসরি জড়াতে চাননি। তবে তিনি বলেন, “সন্ত্রাসবাদ বন্ধ হওয়া উচিত। খেলা নয়। ভারত-পাকিস্তানের মধ্যে আরও নানা কিছু চলছে, সেগুলোও থামা দরকার।”