এক ম্যাচেই ক্রিকেট ইতিহাসে ঢুকে গেল সোনম ইয়েশের নাম… এক স্পেলে বদলে দেওয়া গল্প, এক দিনে লেখা বিশ্বরেকর্ড।

সোনম ইয়েশে
শেষ আপডেট: 29 December 2025 17:28
দ্য ওয়াল ব্যুরো: টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এমন দিন আগে আসেনি। যা এল ভুটানের হাত ধরে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে আট উইকেট—নতুন বিশ্বরেকর্ড গড়লেন বাঁ-হাতি স্পিনার সোনম ইয়েশে (Sonam Yeshey)। মায়ানমারের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে, গেলেফুতে, (Gelephu) এই ঐতিহাসিক কীর্তি গড়েন ২২ বছরের ইয়েশে। পরিসংখ্যান—৮ উইকেট, ৭ রান। পুরুষ বা মহিলা—টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে কোনও বোলারের এমন রেকর্ড নেই।
এই আট উইকেটের মধ্যে ছ’টি এসেছে ক্যাচে, একটি বোল্ড, একটি এলবিডব্লিউ। ইয়েশের স্পেলের সামনে দাঁড়াতেই পারেনি মায়ানমারের লাইন আপ। ১২৭ রানে অলআউট হওয়ার পর, গুটিয়ে যায় মাত্র ৪৫ রানে। ভুটান জেতে ৮২ রানে।
এর আগে পুরুষদের টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগারের রেকর্ড ছিল মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রিসের (Syazrul Idrus)—২০২৩ সালে চিনের বিরুদ্ধে ৭ উইকেট, ৮ রান। মহিলাদের টি-টোয়েন্টিতে সেরা রেকর্ড ইন্দোনেশিয়ার রোহমালিয়া রোহমালিয়ার (Rohmalia Rohmalia)—২০২৪ সালে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৭ উইকেট, ০ রান। সোনাম ইয়েশে দু’জনকেই ছাপিয়ে গেলেন।
ভুটান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (International Cricket Council) সহযোগী সদস্য। এই স্তরের বহু দেশের ক্রিকেটার এখনও অপেশাদার। তবে ভুটান ব্যতিক্রম। পুরুষ ও মহিলা জাতীয় দল মিলিয়ে ৩৬ জন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তির আওতায় বেতন পান। বর্তমানে ভুটান পুরুষদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৭৭ নম্বরে, মায়ানমার রয়েছে ৯৫ নম্বরে। কিন্তু এই এক ম্যাচেই ক্রিকেট ইতিহাসে ঢুকে গেল সোনম ইয়েশের নাম… এক স্পেলে বদলে দেওয়া গল্প, এক দিনে লেখা বিশ্বরেকর্ড।