এশিয়া কাপের আগে দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছিল শ্রেয়স আইয়ারের সামনে। কিন্তু তিনি নিজেই সেই আর্জি ফিরিয়ে দিয়েছেন।

শ্রেয়স আইয়ার
শেষ আপডেট: 24 August 2025 18:14
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের আগে দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছিল শ্রেয়স আইয়ারের সামনে। কিন্তু তিনি নিজেই সেই আর্জি ফিরিয়ে দিয়েছেন। একটি সর্বভারতীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, শ্রেয়সকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হলেও তিনি তাতে রাজি হননি। তাঁর অসম্মতির জেরে দলনেতা করা হয়েছে শার্দূল ঠাকুরকে।
রিপোর্টে এক নির্বাচক বলেছেন, ‘হ্যাঁ, খবরটা ঠিক। ওয়েস্ট জোন নির্বাচকমণ্ডলী শ্রেয়সকে অধিনায়কত্বের প্রস্তাব দিলেও তা গ্রহণ করেনি। এরপর চেয়ারম্যান সঞ্জয় পাটিল, যিনি মুম্বইয়ের প্রধান নির্বাচকও বটে, শার্দূল ঠাকুরকে অধিনায়ক হিসেবে বেছে নেন। তিনি আনন্দের সঙ্গেই রাজি হয়েছেন!’
অধিনায়কত্বের প্রশ্নে ‘হ্যাঁ’ না বললেও দলীপ ট্রফিতে খেলার জন্য প্রস্তুত ছিলেন শ্রেয়স। তবে শোনা যাচ্ছে, তিনি এশিয়া কাপের জন্য সাদা বলের প্রস্তুতি শুরু করতে চেয়েছিলেন। এর জন্য ব্যক্তিগত কোচ প্রবীণ আমরেকে প্র্যাকটিসের সময় রাখার আর্জি জানান। এশিয়া কাপ শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর। দলীপ ট্রফির সেমিফাইনাল ৪ থেকে ৭ সেপ্টেম্বর। জাতীয় দলে থাকলে ওই ম্যাচগুলিতে তাঁর খেলা সম্ভব হত না। কিন্তু বাস্তবে যা দাঁড়াল—এশিয়া কাপের ১৫ জনের দলেই নেই শ্রেয়স আইয়ারের নাম।
এই বাদ পড়া নিয়ে তীব্র আলোচনার ঝড় উঠেছে। প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘শ্রেয়স আইয়ারের এশিয়া কাপে না থাকা সত্যিই অবিশ্বাস্য। ওকে একসময় বাদ দেওয়া হয়েছিল সঠিক কারণেই—ঘরোয়া ক্রিকেটে মনোযোগ ফেরানোর জন্য। আর তাতে ফলও মিলেছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাঠে ওডিআই সিরিজে ওর ব্যাটিং দেখলেই বোঝা যায়, কীভাবে নিজেকে নতুন করে তৈরি করেছে। সেই ফর্ম নিয়ে নামল আইপিএলে।’
শুধু নামা নয়, আইপিএলে শ্রেয়সের নেতৃত্বেই পাঞ্জাব কিংস এক দশক পর ফাইনালে ওঠে। ব্যাটিংতেও দারুণ ধারাবাহিকতা—গড় পঞ্চাশের উপর, স্ট্রাইক রেট ১৭০-এর বেশি। মঞ্জরেকরের ভাষায়, ‘আইপিএলে এই ধারাবাহিকতা আর কারও ছিল না। এমন এক ব্যাটসম্যানকে দলে না নেওয়া সত্যিই অযৌক্তিক!’
তাহলে কেন বাদ পড়লেন শ্রেয়স আইয়ার? ফর্ম দুর্দান্ত, নেতৃত্বে সফল—তবু নির্বাচকেরা তাঁকে কোন যুক্তিতে এশিয়া কাপে নিলেন না? কৌশলগত কারণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনও রহস্য? চর্চার কেন্দ্রবিন্দু সেখানেই।