ভারতীয় ক্রিকেটে হার্দিকের কামব্যাক এখন বড় আলোচ্য। ৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি–২০ সিরিজ। নির্বাচকেরা নজর রাখছেন অলরাউন্ডারের ম্যাচ-রিদম কত দ্রুত ফিরে আসে, সেই দিকে।

ফুরফুরে মেজাজে হার্দিক
শেষ আপডেট: 4 December 2025 16:55
দ্য ওয়াল ব্যুরো: হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) ঘরোয়া ক্রিকেটে ফিরতেই জন-উন্মাদনা। আর তার ফলে দর্শকদের এমন ঢল নামল, যে শেষ পর্যন্ত বদলাতে হল সৈয়দ মুস্তাক আলি ট্রফির (SMAT) ময়দান! বৃহস্পতিবার বরোদা–গুজরাট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আকারে-আয়তনে ছোটখাটো ছোট্ট জিমখানা গ্রাউন্ডে। কিন্তু নিরাপত্তা বজায় রাখা ও ভিড় সামলানোর প্রশ্নে তড়িঘড়ি তা সরিয়ে নিয়ে যাওয়া হয় হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium)।
আয়োজকদের দাবি, হার্দিককে দুই মাস পর খেলতে দেখার জন্য দর্শকদের উন্মাদনা ধারণার বাইরে চলে যায়। হোটেল, প্র্যাকটিস গ্রাউন্ড থেকে শুরু করে টিকিট কাউন্টার—সব জায়গায়ই থিকথিকে ভিড়। স্থানীয় ম্যাচে এমন পরিস্থিতি সাধারণত দেখা যায় না। ফলে দর্শক-সুরক্ষা ও ম্যাচ–পরিচালনার স্বার্থে বড় স্টেডিয়াম ছাড়া আর কোনও বিকল্প ছিল না বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
হার্দিকের প্রত্যাবর্তন ঘিরে উত্তেজনার আঁচ মাঠেও ধরা পড়ে। খেলা চলাকালীন বারবার দর্শকরা নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়েন। একাধিক অনুরাগী তাঁর কাছে পৌঁছনোর চেষ্টা চালান। এক যুবক তো হার্দিকের সঙ্গে মাঠেই সেলফি তুলে নেন! যদিও পরে গ্রাউন্ড স্টাফ তাঁকে কোনওক্রমে বাইরে নিয়ে যান। হার্দিক অবশ্য পরিস্থিতি ঠাণ্ডা মাথায় সামলেছেন, সতীর্থদের সঙ্গে হাসিঠাট্টা সেরে ফের খেলা শুরু!
পাণ্ডিয়ার এই কামব্যাক–উন্মাদনা শুরুই হয়েছিল কয়েক দিন আগে, পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলার পর। সেখানে তিনি করেছিলেন ৭৭* (৪২ বল) এবং বল হাতে নিয়েছিলেন ১ উইকেট। গুজরাতের বিরুদ্ধেও বল–ব্যাটে নজর কাড়েন জাতীয় দলের অলরাউন্ডার—১০ রান ও ১ উইকেট! বরোদাও আট উইকেটে সে লড়াই জিতে নেয়।
ভারতীয় ক্রিকেটে হার্দিকের কামব্যাক এখন বড় আলোচ্য। ৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি–২০ সিরিজ। নির্বাচকেরা নজর রাখছেন অলরাউন্ডারের ম্যাচ-রিদম কত দ্রুত ফিরে আসে, সেই দিকে। সামনে টি–২০ বিশ্বকাপ—আর সেখানে সম্পূর্ণ ফিট হার্দিকের নামা মানে টিম ইন্ডিয়ার বড় অ্যাডভান্টেজ!