একটা নিরামিষ সেলফি। যার পেছনে ঝাপসা ছায়া। আর এভাবেই ফের একবার ক্রিকেট ছাপিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় হার্দিক পাণ্ডিয়া।

হার্দিক ও মাহিকা
শেষ আপডেট: 16 September 2025 13:35
দ্য ওয়াল ব্যুরো: একটা নিরামিষ সেলফি। যার পেছনে ঝাপসা ছায়া। আর এভাবেই ফের একবার ক্রিকেট ছাপিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। নাতাশা স্ট্যানকোভিচের (Natasa Stankovic) সঙ্গে বিয়ে ভাঙার পর এবার নাকি মাহিকা শর্মার (Maheika Sharma) নতুন সম্পর্কে জড়িয়েছেন ভারতীয় অলরাউন্ডার! অন্তত সমাজমাধ্যমে কান পাতলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে।
কে এই মাহিকা শর্মা?
অর্থনীতি ও ফাইনান্সে স্নাতক হওয়ার পর মডেলিং ও অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। তারপর ফ্যাশন দুনিয়ায় তরতরিয়ে উত্থান। তনিষ্ক (Tanishq), ভিভো (Vivo), ইউনিক্লো (Uniqlo)-র মতো ব্র্যান্ডের বিজ্ঞাপন ক্যাম্পেনে মুখ হয়েছেন। মনীশ মালহোত্রা (Manish Malhotra), অনিতা ডোঙরে (Anita Dongre), তরুণ তেহলানির (Tarun Tahiliani) মতো খ্যাতনামা ডিজাইনারদের শো-তে র্যাম্পে হেঁটেছেন। ২০২৪ সালে ভারতীয় ফ্যাশন অ্যাওয়ার্ডসে (Indian Fashion Awards) পেয়েছেন ‘মডেল অব দ্য ইয়ার (নিউ এজ)’ খেতাব।
পেশাদারিত্বের জন্যও মাহিকার বেশ নামডাক রয়েছে। একবার গুরুতর চোখের সংক্রমণ নিয়েই শো-তে অংশ নেন তিনি। আরেকবার গৌরব গুপ্তার শো চলাকালীন র্যাম্পে ওঠার সময় হিল ভেঙে গেলেও কাউকে কিচ্ছুটি বুঝতে না দিয়ে সাহস দেখিয়ে হাঁটা শেষ করেন। পরে এল-কে (Elle) দেওয়া সাক্ষাৎকারে মাহিকা বলেন, ‘চোখ এতটাই লাল ছিল যে দাঁড়ানোই কঠিন হয়ে পড়ছিল। তবু ওই শোটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ থাকায় দর্শকদের ভালোবাসা আমায় নতুন শক্তি দেয়!’
হার্দিকের ব্যক্তিগত জীবন
২০২০ সালের মে মাসে নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করেন হার্দিক। ২০২৩-এর ফেব্রুয়ারিতে হিন্দু ও খ্রিস্টান রীতিতে ফের একবার। অথচ সবাইকে সচমকে দিয়ে ঠিক পরের বছর জুলাইয়ে যৌথ বিবৃতিতে আলাদা হওয়ার ঘোষণা। তাঁদের চার বছরের সম্পর্কে ছেলে অগস্ত্য (Agastya)। যাকে দুজন মিলে বড় করবেন বলে আগেই জানিয়ে দেন হার্দিক–নাতাশা।
সমাজমাধ্যমে রটেছে, মাহিকার ওই সেলফির পেছনে ঝাপসা ছায়া নাকি হার্দিকের! এই সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত কেউ মুখ খোলেননি। তবে যা রটে তার কিছু তো বটে!