এমন নয় যে হার্দিক শুধু গ্ল্যামারে ভরসা রাখেন। ৩১ বছরের এই ক্রিকেটার খেলেছেন ১১৪ টি-টোয়েন্টি, তুলেছেন ১,৮১২ রান—স্ট্রাইক রেট চমকে দেওয়ার মতো, ১৪১.৬৭। হাফ-সেঞ্চুরি করেছেন পাঁচবার।

হার্দিক পাণ্ডিয়া
শেষ আপডেট: 9 September 2025 18:46
দ্য ওয়াল ব্যুরো: হার্দিক পাণ্ডিয়া মানেই দ্বৈত পরিচয়। একদিকে ময়দানে ভারতে টি-টোয়েন্টি দলের সবচেয়ে ভরসাযোগ্য অলরাউন্ডার। অন্যদিকে নিখাদ ফ্যাশন আইকন। মাঠে বাউন্সার মারেন, ছক্কা হাঁকান। আর বাইরে আলোচনায় তাঁর হেয়ারস্টাইল, ট্যাটু, হিরের দুল। এবার নতুন সংযোজন—হাতঘড়ি!
এশিয়া কাপের অনুশীলনে নামতেই স্পটলাইট হার্দিকের হাতের কব্জিতে। যেখানে শোভা পাচ্ছে সুদৃশ্য ঘড়ি। তাও আবার সীমিত সংস্করণের রিচার্ড মিলের মডেল—RM 27-04। দাম? অফিসিয়াল ওয়েসবসাইটে কিছু পাওয়া গেল না। তবে ‘টাইমস অফ ইন্ডিয়া’-র খবর অনুযায়ী, এর বাজারমূল্য কমবেশি ২০ কোটি টাকা! জনপ্রিয় ইনস্টা পেজ ‘ওয়াচস্পটার’ (watchspotter) বলছে, অন্তত ১৫ কোটি। হিসেব মতে—যদি ২০ কোটিও ধরা হয়, তবে এশিয়া কাপ জয়ী দলের প্রাপ্য আর্থিক পুরস্কারের আটগুণ দামি হার্দিকের রিস্টওয়াচ!
এমন নয় যে হার্দিক শুধু গ্ল্যামারে ভরসা রাখেন। ৩১ বছরের এই ক্রিকেটার খেলেছেন ১১৪ টি-টোয়েন্টি, তুলেছেন ১,৮১২ রান—স্ট্রাইক রেট চমকে দেওয়ার মতো, ১৪১.৬৭। হাফ-সেঞ্চুরি করেছেন পাঁচবার। আর মাত্র ১৮৮ রান তুললেই ঢুকে পড়বেন ২,০০০ ক্লাবের মর্যাদায়। বোলিংয়েও পিছিয়ে নেই। ঝুলিতে উইকেট ৯৪। ছ’টি পেলেই ছুঁয়ে ফেলবেন ‘সেঞ্চুরি’র মাইলফলক!
কিন্তু এত পরিসংখ্যানের বাইরেও হার্দিকের আলাদা একটা জগৎ আছে। গাড়ির কালেকশন থেকে শুরু করে হিরের চেন, ডিজাইনার পোশাক থেকে হাই-ফ্যাশন স্নিকার—সবেতেই নিজস্ব জৌলুস! ক্রিকেট আর গ্ল্যামারের মিশেলে আধুনিক প্রজন্মের পোস্টার বয়।
প্রসঙ্গত, ভারতের এশিয়া কাপ যাত্রা শুরু ১০ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ইউএই। তার চার দিন পর মহারণ পাকিস্তানের বিরুদ্ধে। শেষ লিগ ম্যাচ আবার ১৯ তারিখে। তার আগে মাঠে ব্যাট-বল নয়, হার্দিকের কব্জির ঘড়ি নিয়ে ক্রিকেটপ্রেমীদের আড্ডায় জোর চর্চা।