তাঁর গলায় যে ট্যাটুগুলি রয়েছে, সেগুলি কুকুরের থাবার ছবি। ট্যাটুগুলি তাঁর দুই পোষ্য অ্যাস্টন ও বেন্টলির প্রতি শ্রদ্ধাঞ্জলী।

হার্দিক পান্ডিয়া
শেষ আপডেট: 5 September 2025 15:42
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের আগে নতুন হেয়ার স্টাইলে (New Hair Style) ধরা দিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এমনিতেই টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডার বরাবরই স্টাইল সচেতন। তাঁর ফ্যানদের মধ্যে এই নিয়ে প্রবল উৎসাহও রয়েছে।
শুক্রবার, পান্ডিয়া ইনস্টাগ্রামে তাঁর নতুন লুকের ছবি শেয়ার করেছেন। বরাবরের মতোই তিনি সাইড লুক দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে তাঁর চুলের রঙ সোনালি। সুন্দরভাবে ছাঁটা কালো দাড়ি সোনালি চুলের সঙ্গে নিখুঁত সাদৃশ্য রচনা করেছে, সঙ্গে ঘাড় ও গলার সংযোগস্থলে চারটি ট্যাটু (Tattoos)। যা নেমে এসেছে কানের নীচ থেকে।
পাণ্ডিয়া পোস্টটির ক্যাপশনে লিখেছেন "নতুন আমি!"। পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল। অনেকেই তাঁর নতুন লুকের প্রশংসা করেছেন। তাঁর গলায় যে ট্যাটুগুলি রয়েছে, সেগুলি কুকুরের থাবার ছবি। হার্দিক যে একজন পশুপ্রেমী এটা কারওরই অজানা নয়। এই ট্যাটুগুলি তাঁর দুই পোষ্য অ্যাস্টন ও বেন্টলির প্রতি শ্রদ্ধাঞ্জলী। থাবাগুলিতে এ এবং বি লেখা রয়েছে।
এদিকে, এশিয়া কাপ ২০২৫-এর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ৯ সেপ্টেম্বর থেকে আটটি দলের মধ্যে খেতাবী লড়াই শুরু হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ১০ সেপ্টেম্বর অভিযান শুরু করবে। অধিনায়ক সূর্যকুমার যাদব-সহ বেশ কিছু ক্রিকেটার বৃহস্পতিবার দুবাই পৌঁছেছেন। প্রথমবারের মতো, খেলোয়াড়রা তাঁদের নিজ নিজ শহর থেকে দুবাই পৌঁছচ্ছেন। ইতিমধ্যে দুবাইয়ে পা রেখেছেন হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অভিষেক শর্মা, হর্ষিত রানা, শিবম দুবে, কুলদীপ যাদব এবং কোচ সিতাংশু কোটাক।
গ্রুপ এ-তে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহি। ১০ সেপ্টেম্বর আমিরশাহির বিরুদ্ধে ভারত এবারের অভিযান শুরু করবে। এরপর ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই। গ্রুপ রাউন্ডের শেষ ম্যাচটি ১৯ তারিখ ওমানের বিরুদ্ধে।