বৈভবের বাবার দাবি, ছেলে পড়াশোনায় মন্দ নয়। নিয়মিত স্কুলে গেলে ৯০ শতাংশের বেশি নম্বর পেত। কিন্তু এখন ফোকাস পুরোপুরি ক্রিকেটে।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 19 February 2026 16:42
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল (IPL 2026) সামনে। প্রস্তুতি তুঙ্গে। আর তার মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়েছেন অনূর্ধ্ব-১৯ তারকা বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। চলতি বছরের দশম শ্রেণির সিবিএসই (CBSE Board Exam) পরীক্ষা দিচ্ছেন না তিনি। স্কুলেও হাজির হননি। নিয়মমাফিক ‘অনুপস্থিত’ চিহ্নিত করা হয়েছে।
১৪ বছরের বৈভব এখন নাগপুরে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) প্রি-সিজন ক্যাম্পে অনুশীলনে মগ্ন। তাঁর বাবা সঞ্জীব সূর্যবংশী (Sanjeev Sooryavanshi) জানিয়েছেন, ছেলের অগ্রাধিকার এই মুহূর্তে ক্রিকেট। আর কিছু নয়। তাই এ বছর পরীক্ষা না দিয়ে পরের বছর বসার সিদ্ধান্ত। সঞ্জীব বলেন, ‘এ বছর পরীক্ষা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। ও ঠিক করেছে, আগামী বছর দেবে। এখন আইপিএলের প্রস্তুতিই মূল লক্ষ্য।’সেই সঙ্গে আরও জানান, পরীক্ষা দিলে মনোযোগে প্রভাব পড়ত। ‘যদি এ বছর দিত, তাহলে খেলায় মন বসত না!’ স্পষ্ট মন্তব্য সঞ্জীবের।
স্কুলের বক্তব্য
বিহারের পোদার ইন্টারন্যাশনাল স্কুলের (Podar International School) অধ্যক্ষ এনকে সিনহা (NK Sinha) জানিয়েছেন, সিবিএসই নিয়ম অনুযায়ী বৈভবকে ‘অনুপস্থিত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, ‘আজ ও পরীক্ষাকেন্দ্রে আসেনি। সিবিএসই নীতিমাফিক তাকে অ্যাবসেন্ট মার্ক করা হয়েছে। আমরা আশা করেছিলাম, বৈভব পরীক্ষা দেবে। তবে নানা বাধ্যবাধকতা থাকতে পারে—ম্যাচ, অনুশীলন। আশা করি, পরের বছর পরীক্ষায় বসবে।’
ক্রিকেটেই ফোকাস
বৈভবের বাবার দাবি, ছেলে পড়াশোনায় মন্দ নয়। নিয়মিত স্কুলে গেলে ৯০ শতাংশের বেশি নম্বর পেত। কিন্তু এখন ফোকাস পুরোপুরি ক্রিকেটে। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (U-19 World Cup) ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের সেরা হন বৈভব। সেই পারফরম্যান্স তাঁকে আরও আলোচনায় এনেছে। এখন সামনে আইপিএল। বড় মঞ্চ। বড় সুযোগ। এই আবহে বোর্ড পরীক্ষা ও পেশাদার ক্রিকেটের মধ্যে বৈভব বেছে নিয়েছেন পরেরটাকে।