আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মাত্র আড়াই দিনের আগেই শেষ হয়ে গেল প্রথম টেস্ট। ভারত জিতল ইনিংস ও ১৪০ রানে।

টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 4 October 2025 14:25
দ্য ওয়াল ব্যুরো: গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারার দেশকে সম্প্রতিকালে দেখলে বাস্তবিকই কষ্ট হয়। একসময়কার বিশ্ব ক্রিকেটের সিংহ ওয়েস্ট ইন্ডিজ এখন দুগ্ধপোষ্য শিশুর মতো ক্রিকেট খেলছে। বিশেষত টেস্ট ক্রিকেটে তাদের অবস্থা খুবই খারাপ। ভারতে দুই টেস্টের সিরিজ খেলতে এসেছে তারা। ফল যে তাদের পক্ষে হবে না, সেটা অবধারিত ছিল। কিন্তু প্রথম টেস্টে (India Vs West Indies, First Test) রস্টন চেজ ব্রিগেড যে ভাবে ইনিংসে হেরে গেল, তা দেখে তাদের ক্রিকেটীয় যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মাত্র আড়াই দিনের আগেই শেষ হয়ে গেল প্রথম টেস্ট। ভারত জিতল (India Wins) ইনিংস ও ১৪০ রানে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৬২ রানে অলআউট হওয়ার পর ভারত প্রথম ইনিংস ডিক্লেয়ার করে পাঁচ উইকেট হারিয়ে ৪৪৮ রানে। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৪৬ রানে। প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। আর সেই সঙ্গে ঘরের মাঠে নিজের অধিনায়কত্বের প্রথম টেস্টই জিতে নিলেন শুভমান গিল।
এদিন লাঞ্চের আগেই ক্যারিবিয়ানরা মাত্র ৬৫ রানে পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল। এর পর ভারতের জয় ছিল সময়ের অপেক্ষা। শুক্রবার ভারত দিন শেষ করেছিলে পাঁচ উইকেট হারিয়ে ৪৪৮ রানে। অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা (১০৪) ও ওয়াশিংটন সুন্দর (৯)। তবে এদিন অবশ্য ভারত আর ব্যাট করতে নামেনি।
গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ব্যর্থতা দ্বিতীয় ইনিংসেও অব্যাহত ছিল। ক্যারিবিয়ানদের প্রথম ঝটকা দিলেন প্রথম ইনিংসে চার উইকেট পাওয়া মহম্মদ সিরাজ। তাঁর বলে ৮ রান করে নীতীশ রেড্ডির হাতে ক্যাচ তুলে আউট হলেন তেজনারায়ণ চন্দ্রপাল। দলীয় রান তখন ১২। প্রথম ইনিংসে ব্যাট হাতে অপরাজিত শতক হাঁকানোর পর বল হাতেও জ্বলে উঠলেন রবীন্দ্র জাদেজা। জন ক্যাম্পবেলকে (১৪ রান) ফেরালেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেটের পতন হল ২৪ রানে। এরপর জাদেজার বলেই পাঁচ রান করে ফিরলেন ব্র্যান্ডন কিং। কুলদীপ যাদব যখন ক্যারিবিয়ান অধিনায়ক রস্টন চেজের (১ রান) উইকেট উপড়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের রান তখন ৩৫।
এরপর জুটি গড়ার চেষ্টা করছিলেন শাই হোপ ও জাস্টিন গ্রিভস। তবে সেই জুটিতে উঠল মাত্র ১১ রান। জাদেজার তৃতীয় শিকারে পরিণত হয়ে এক রান করে ফিরলেন শাই হোপ। গ্রিভসকে (২৫) আউট করলেন সিরাজ। শেষ দিকে জোহানন ল্যানে ১৪ ও জায়ডেন সিয়ালেস ২২ রান না করলে ওয়েস্ট ইন্ডিজের লজ্জা আরও বাড়ত।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও জ্বলে উঠে সিরাজ নিলেন তিন উইকেট। জাদেজার পকেটে ঢুকেছে চার উইকেট। সেই সঙ্গে কুলদীপ নিয়েছেন দুটি ও ওয়াশিংটন সুন্দর একটি উইকেট। ম্যাচ সেরা হয়েছেন রবীন্দ্র জাদেজা।