আজ হবে অজি সফরের দল ঘোষণা। কিন্তু তার ঠিক আগেই বোর্ড সূত্রে জানা গেল, অধিনায়ক হিসাবে মোটেও রোহিতের নাম ভাবা হচ্ছে না।

রোহিত শর্মা
শেষ আপডেট: 4 October 2025 14:05
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়া সফরের (India tour in Australia) পরই কি শেষ হয়ে যাচ্ছে রোহিত শর্মার (Rohit Sharma) আন্তর্জাতিক কেরিয়ার? বিসিসিআই সূত্রে কিন্তু এমনটাই জানা গিয়েছে।
চলতি মাসেই ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারত। এতদিন পর্যন্ত জানা গিয়েছিল, রোহিত শর্মাকে অধিনায়ক করেই ওডিআই দল নির্বাচন করা হবে। এদিকে আজ হবে অজি সফরের দল ঘোষণা। কিন্তু তার ঠিক আগেই বোর্ড সূত্রে জানা গেল, অধিনায়ক হিসাবে মোটেও রোহিতের নাম ভাবা হচ্ছে না। তবে তিনি দলে থাকবেন একজন সাধারণ ক্রিকেটার হিসাবে।
নতুন অধিনায়ক হিসাবে উঠে এসেছে শুভমান গিলের নাম (Shubman Gill)। টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর লেটার মার্কস নিয়ে পাশ করেছেন পাঞ্জাবের এই তরুণ ক্রিকেটার। এবার তাঁর হাতে তুলে দেওয়া হবে ৫০ ওভারের ক্রিকেটের দায়িত্ব।
আগামী ১৯ অক্টোবর পার্থে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রোহিত-সহ সিনিয়ররা এখন টেস্টের বাইরে, টি-২০ থেকেও সরে দাঁড়িয়েছেন। তাই জাতীয় দলের হয়ে একদিনের ক্রিকেটই একমাত্র ফরম্যাট যেখানে বিরাট কিংবা রোহিতকে দেখা যায়। ফলে, এই সিরিজ তাঁদের জন্য গুরুত্বপূর্ণও বটে। তবে রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিলে এটা পরিষ্কার হয়ে যাবে যে, ২০২৭ ওডিআই বিশ্বকাপের জন্য তাঁকে মাথায় রাখছে না অজিত আগারকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।