অর্ধশতক হাঁকানোর পরই বিজয় হাজারে এবং সুনীল গাভাসকরের মতো অভিজাতদের তালিকায় যোগ দিয়েছেন। তিনি হলেন তৃতীয় ভারতীয় অধিনায়ক, যিনি ঘরের মাঠে ক্যাপ্টেন হিসাবে তাঁর প্রথম দুটি ইনিংসে ৫০+ রান করেছেন।

শুভমান গিল
শেষ আপডেট: 11 October 2025 13:35
দ্য ওয়াল ব্যুরো: ভারত-ওয়েস্ট টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে (India vs West Indies) রানের পাহাড় গড়তে চলেছে ভারত। পাঁচ উইকটে হারিয়ে ৫০০ রানের গণ্ডি পার করে দিয়েছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই নিজের দশম টেস্ট শতকটি তুলে নিয়েছেন শুভমান গিল (Shubman Gill’s Century)।
টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই অবশ্য ধাক্কা খেয়েছিল ভারত। ১৭৫ রান করে শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝির ফলে রান আউট হয়ে ফিরে যান যশস্বী জয়সওয়াল। এরপর নীতীশ রেড্ডি আউট হন ৪৩ রানে। এরপর অধিনায়ক গিল ধ্রুব জুরেলকে নিয়ে ১০২ রানের জুটি গড়েন। যদিও নীতীশের মতো জুরেলও অল্পের জন্য অর্ধশতক মিস করেছেন। ৪৪ রান করে ক্যারিবিয়ান অধিনায়ক রস্টন চেজের বলে বোল্ড হন তিনি।
গিলের শতক এসেছে ১৭৭ বলে। তবে শতক পাওয়ার আগেই নিজের নাম রেকর্ড বুকে তুলে দিয়েছেন ভারতের তরুণ অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে গিল অর্ধশতক হাঁকানোর পরই বিজয় হাজারে এবং সুনীল গাভাসকরের মতো অভিজাতদের তালিকায় যোগ দিয়েছেন। তিনি হলেন তৃতীয় ভারতীয় অধিনায়ক, যিনি ঘরের মাঠে ক্যাপ্টেন হিসাবে তাঁর প্রথম দুটি ইনিংসে ৫০+ রান করেছেন।
অধিনায়ক হওয়ার পর থেকে গিল দুরন্ত ব্যাটিং করে চলেছেন। ইংল্যান্ড সফরের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের ফর্ম বজায় রেখেছেন। আমদাবাদ টেস্টের প্রথম ইনিংসে গিল ৫০ রান করেছিলেন। তিনি তৃতীয় ভারতীয়, যিনি অধিনায়ক থাকাকালীন ঘরের মাঠে তাঁর প্রথম দুটি ইনিংসে ৫০+ রান করেছেন। তাঁর আগে বিজয় হাজারে এবং সুনীল গাভাসকর এই কৃতিত্ব অর্জন করেছিলেন। বিজয় হাজারে ১৯৫১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৪* এবং ১৫৫* রান করেছিলেন, যেখানে গাভাসকর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০৫ এবং ৭৩ রান করেছিলেন অধিনায়ক হিসাবে।