প্রত্যাশা মতোই সুযোগ পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করা করুণ নায়ার। দলে রয়েছেন এই মুহূর্তে আইপিএলের বেগুনি টুপির মালিক সাই সুদর্শনও। বাংলা থেকে সুযোগ পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ ও আকাশ দীপ।

শুভমান গিল
শেষ আপডেট: 24 May 2025 15:19
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে জল্পনার অবসান। শুভমান গিলকেই (Shubman Gill) অধিনায়ক (Captain) রেখে ইংল্যান্ড সফরের (England Tour) জন্য দল ঘোষণা করল অজিত আগারকর (Ajit Agarkar) অ্যান্ড কোং। ফর্মহীন ঋষভ পন্থকে (Rishabh Pant) করা হয়েছে গিলের ডেপুটি (Deputy)। দলে সেই অর্থে কোনও চমক নেই। প্রত্যাশা মতোই সুযোগ পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করা করুণ নায়ার (Karun Nayar)। দলে রয়েছেন এই মুহূর্তে আইপিএলের বেগুনি টুপির মালিক সাই সুদর্শনও (Sai Sudarshan)। বাংলা থেকে সুযোগ পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ ও আকাশ দীপ।
রোহিত শর্মার অবসরের পর থেকেই ভারতীয় ক্রিকেটের পরবর্তী লাল বলের অধিনায়ক কে হবেন, সেই নিয়ে আলোচনা চলছিল। মূলত শুভমান গিল ও জসপ্রীত বুমরাহর দিকেই পাল্লা ভারী ছিল। তবে সূত্র মারফত জানা গিয়েছিল, বুমরাহ নিজেই নাকি রাজি ছিলেন না অধিনায়কত্বের বিষয়ে। গিল হলেন ভারতের ৩৭তম টেস্ট অধিনায়ক।
আট বছর পর ভারতীয় দলে ফিরেছেন করুণ নায়ার। ভারতীয় দলে প্রত্যাবর্তন করছেন শার্দূল ঠাকুরও। এছাড়াও, ভারতীয়-এ দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণকেও সুযোগ দেওয়া হয়েছে।
ইংল্যান্ড সফরেরে জন্য ঘোষিত টেস্ট দলে সাই সুদর্শন এবং অর্শদীপ সিং দুই নতুন মুখ। এই দলে ছয়জন ব্যাটার, দু’জন উইকেটরক্ষক ব্যাটসম্যান, দুজন স্পিন বোলিং অলরাউন্ডার, দু’জন পেস বোলিং অলরাউন্ডার এবং পাঁচজন ফাস্ট বোলার এবং একজন বিশেষজ্ঞ স্পিনার রয়েছেন।
ভারতীয় দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড সফর করবে। এই সিরিজের প্রথম টেস্ট ২০ জুন থেকে লিডসে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট ২ জুলাই থেকে বার্মিংহামে। তৃতীয় টেস্ট ১০ জুলাই থেকে লর্ডসে, চতুর্থ টেস্ট ২৩ জুলাই থেকে ম্যানচেস্টারে। পঞ্চম টেস্ট ৩১ জুলাই থেকে লন্ডনের ওভালে অনুষ্ঠিত হবে। এই সিরিজের মাধ্যমে ভারতের নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র (২০২৫-২৭) শুরু হবে।
এদিন দল ঘোষণার সময় নির্বাচক কমিটির প্রধান আগারকর বলেন, “অস্ট্রেলিয়া সফরে বুমরাহ প্রথমে সহ-অধিনায়ক এবং পরে অধিনায়ক ছিলেন। কিন্তু অধিনায়কত্ব তাঁর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। একজন খেলোয়াড় হিসাবে ও আমাদের কাছে আরও গুরুত্বপূর্ণ। আমরা চাই বুমরাহ ফিট থাকুক এবং জয়ে অবদান রাখুক। অধিনায়কত্ব করার সময়, নিজের বোলিং ছাড়াও, ১৫-১৬ জনকে পরিচালনা করতে হয়। আমরা ওর উপর এই চাপ সৃষ্টি করতে চাইনি।”
একই সঙ্গে, কেএল রাহুলকে অধিনায়ক না করার বিষয়ে, আগারকর বলেন, “রাহুল আগেও অধিনায়ক ছিলেন। এবার ওর নাম আমাদের চিন্তায় ছিল না। আমরা এমন একজন অধিনায়ক চেয়েছিলাম যিনি আগামী কিছু সময়ের জন্য ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারবেন।”
অস্ট্রেলিয়া সফরে যাওয়া টিম ইন্ডিয়ার কিছু খেলোয়াড়কেও বাদ দেওয়া হয়েছে এবার। এঁদের মধ্যে রয়েছেন সরফরাজ খান, দেবদত্ত পডিক্কাল ও হর্ষিত রানা। তিনজনই অস্ট্রেলিয়া সফরে অন্তর্ভুক্ত ছিলেন। পাডিক্কাল বর্তমানে চোটগ্রস্ত এবং আইপিএল থেকেও ছিটকে গিয়েছেন।
এদিকে মূল দলে অন্তর্ভুক্ত করা না হলেও সরফরাজ এবং হর্ষিতকে ইংল্যান্ড সফরে যাওয়া 'এ' দলে জায়গা দেওয়া হয়েছে। অজি সফরে ছিলেন না এমন পাঁচজন ক্রিকেটার এবার সুযোগ পেয়েছেন ভারতীয় টেস্ট দলে। এই ক্রিকেটাররা হলেন- সাই সুদর্শন, করুণ নায়ার, শার্দূল ঠাকুর, অর্শদীপ সিং, কুলদীপ যাদব।
ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল: শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক/সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর, প্রসিধ কৃষ্ণ, আকাশ দীপ, আরশদীপ সিং এবং কুলদীপ যাদব।