Shubman Gill joins Gavaskar in Elusive List

শুভমান গিল
শেষ আপডেট: 3 October 2025 12:09
দ্য ওয়াল ব্যুরো: অধিনায়ক হিসেবে ঘরের মাঠে প্রথম টেস্ট। চাপে থাকার কথা। কিন্তু শুভমান গিল (Shubman Gill) এই মুহূর্তে লাল বলের ক্রিকেটে অন্য ছন্দে! আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) কেরিয়ার–অধ্যায়ের নতুন পাতায় দুরন্ত সূচনা। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম ইনিংসে হাঁকালেন হাফসেঞ্চুরি। আর তাতেই জুটল ৪৭ বছরের পুরনো রেকর্ড—অধিনায়ক হিসেবে ঘরের মাঠে পয়লা টেস্ট সিরিজে অর্ধশতরান গড়ার স্বীকৃতি! গিল রেকর্ডের খাতায় কিংবদন্তি সুনীল গাভাসকারের (Sunil Gavaskar) পাশেই লিখে ফেললেন নিজের নাম!
১৯৭৮ সালে ওয়াংখেড়েতে (Wankhede) একই কীর্তি গড়েছিলেন গাভাসকার। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে পঞ্চাশ করেন, পরে সেই ইনিংস পৌঁছেছিল দ্বিশতরানে। দীর্ঘ ৪৭ বছর পর সেই পথেই হাঁটলেন গিল। ৯১ বল খেলে ছুঁয়ে ফেললেন মাইলফলক, খারি পিয়েরের (Khary Pierre) বলে সিঙ্গেল নিয়ে পূর্ণ হল অর্ধশতক।
যদিও রেকর্ডের ইনিংস সেঞ্চুরি পেল না! রোস্টন চেজের (Roston Chase) বল রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাটের স্টিকারে লেগে বল উড়ে গেল স্লিপে। সহজ ক্যাচ নিয়ে তাঁকে বিদায় দেন জাস্টিন গ্রিভস।
প্রথম ইনিংসে ব্যাট হাতে শুধু গিল নন, পাশে থেকেছেন কেএল রাহুল (KL Rahul)। তৃতীয় উইকেটে ৯৮ রানের জুটি গড়েছেন দু’জনে। আর বল হাতে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) চার উইকেট, জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) তিন উইকেট—সব মিলিয়ে ১৬২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। ফলে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণে ভারত।
এই আবহে গিলের এই হাফসেঞ্চুরি নিছক একটি ব্যক্তিগত পরিসংখ্যান নয়। বরং একটা বার্তা—রোহিত-বিরাট-উত্তর যুগে ভারতের টেস্ট ক্রিকেটের পোস্টার বয় এখন তিনিই। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যান্ডারসন–তেন্ডুলকর ট্রফিতে (Anderson–Tendulkar Trophy) ৭৫৪ রান করে সিরিজসেরা হয়েছেন। সেই ফর্ম নিয়েই নেমেছেন ঘরের মাঠের প্রথম সিরিজে। আর অধিনায়কত্বের প্রথম টেস্টেই জায়গা পেয়েছেন ইতিহাসের পাতায়। ভেঙেছেন ৪৭ বছরের অপেক্ষা! গিলের নাম এখন সুনীল গাভাসকারের পাশে। সামনে আরও লম্বা পথ। কিন্তু প্রথম পদক্ষেপেই তিনি প্রমাণ করে দিলেন—এই প্রজন্মের ভারতের টেস্ট নেতৃত্ব সঠিক হাতেই রয়েছে৷