ফ্যাশন শো বা আড়ম্বরের বদলে এখন পুরো মন ক্রিকেটে। বাদ পড়ার ধাক্কা সামলে মাঠে ফেরাই শ্রেয়স আইয়ারের একমাত্র লক্ষ্য।

শ্রেয়স আইয়ার
শেষ আপডেট: 9 September 2025 17:13
দ্য ওয়াল ব্যুরো: ট্রেন্ডটা সদ্য চালু হয়েছে। খেলাধুলো, বিনোদন কিংবা শিল্পজগৎ--যে-দুনিয়ারই হোন না কেন, সুশোভিত ফর্ম্যাল পোশাকে উইম্বলডনে গ্যালারিতে বসে টেনিসের দ্বৈরথ উপভোগ করাটা লাইফস্টাইল স্টেটমেন্টের অংশ মনে করছেন অনেক তারকা।
যদিও এই গড্ডলিকাপ্রবাহে হাঁটতে নারাজ শ্রেয়স আইয়ার। তাই নাইকির আমন্ত্রণে উইম্বলডন দেখতে যাওয়ার প্রস্তাবে ‘না’ করে দেন তিনি। অতিসম্প্রতি জিকিউ ইন্ডিয়াকে (GQ India) দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন টিম ইন্ডিয়ার মিডল অর্ডার ব্যাটার।
এশিয়া কাপের (Asia Cup 2025) দলে নেই। বাদ পড়ার পর থেকেই আলোচনায় শ্রেয়স (Shreyas Iyer)। তার মধ্যে আচমকা এই সাক্ষাৎকার। যেখানে বিগত কয়েক বছরের জার্নি ও অজানা কাহিনি পেশ করেছেন তিনি। কেন কেকেআর ছেড়েছিলেন? পাঞ্জাব কিংস কোথায়, কতটুকু আলাদা?—জানানোর পর কথায় কথায় চলে আসে টেনিসের প্রসঙ্গ। শ্রেয়স বলেন, ‘নাইকি আমায় উইম্বলডনে নিয়ে যেতে চাইছিল। কিন্তু আমি ঠিক করলাম, যাব না। কারণ, এ বছর মনে হচ্ছিল লন্ডনে গোটা ভারতই হাজির!’
অল ইংল্যান্ড ক্লাবের আসর শেষ হওয়ার পরদিনই অবশ্য আচমকা ঘটনাচক্রে কার্লোস আলকারাজের সঙ্গে মোলাকাত হয় শ্রেয়সের। ইয়ানিক সিনারের হাতে খেতাব হারানো টেনিস তারকা তখন বার্সেলোনায় (Barcelona)। দু’জনেই নাইকির মুখ। রয়েছেন একই শহরে। তাই ব্র্যান্ডের বিশেষ উদ্যোগে ক্রিকেট–টেনিস যুগলবন্দি!
এশিয়া কাপ থেকে ছিটকে গেলেও শ্রেয়সের কাঁধে নতুন দায়িত্ব। ভারত ‘এ’ দলের নেতৃত্ব দেবেন। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ‘এ’ বাহিনী। উপলক্ষ দু’টি চার দিনের অনানুষ্ঠানিক টেস্ট। লাল বলের ক্রিকেটে জাতীয় দলের বাইরে থাকলেও নিজের জায়গা ফিরে পেতে লড়াই শুরু করেছেন শ্রেয়স।
চলতি বছর ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) জিতেছেন। সেটাকেই জীবনের সেরা মুহূর্ত বলেছেন তিনি। এক পডকাস্টে অকপট স্বীকারোক্তি, ‘ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা মাঠে আমার জীবনের অন্যতম অনুভূতি!’
তবে শুধুই জেতার আনন্দ নয়, প্রস্তুতিতেও জোর দিয়েছেন তিনি। শ্রেয়সের বক্তব্য, ‘নিজে তৈরি থাকলে ব্যর্থতা সাময়িক। অনুশীলন যদি ঠিকভাবে করি, তবে মাঠে তার প্রতিফলন পড়বেই। ব্যর্থতা এক–দু’বার হতে পারে, কিন্তু তারপর সাফল্য অবধারিত। আমি নিজে সেটা বুঝেছি!’
অর্থাৎ, ফ্যাশন শো বা আড়ম্বরের বদলে এখন পুরো মন ক্রিকেটে। বাদ পড়ার ধাক্কা সামলে মাঠে ফেরাই শ্রেয়স আইয়ারের একমাত্র লক্ষ্য।