গত সপ্তাহেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শ্রেয়স। দেশে ফিরে এখন বিশ্রামে। চিকিৎসকরা জানিয়েছেন, সম্পূর্ণ ফিট হতে অন্তত আরও এক মাস সময় লাগবে। বোর্ডও তাঁকে কোনও তাড়াহুড়ো না করে পুরোপুরি সুস্থ হয়ে তবেই মাঠে ফেরার পরামর্শ দিয়েছে।

শ্রেয়স আইয়ার
শেষ আপডেট: 11 November 2025 15:07
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়া সফরে ভয়াবহ আঘতের পর এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি ভারতের ওয়ানডে দলের সহ–অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। দেশে ফিরেছেন ঠিকই, তবে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। ফলে ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁর খেলা কার্যত অনিশ্চিত।
সূত্রের খবর, শ্রেয়সের চোট প্রথমে যেমনটা মনে হয়েছিল, আসলে তার চেয়ে অনেক বেশি ছিল। ম্যাচের পর অক্সিজেন লেভেল নেমে গিয়েছিল ৫০-এ, প্রায় দশ মিনিট ধরে দাঁড়াতে পারেননি তিনি। বোর্ড সূত্রে বলা হয়েছে, ‘ওর শরীর পুরোপুরি দুর্বল হয়ে পড়েছিল, কিছু সময়ের জন্য চারপাশ অন্ধকার দেখতে থাকে। পরে ধীরে ধীরে সামলে ওঠে।’
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (Sydney Cricket Ground) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে চলাকালীন অ্যালেক্স ক্যারির (Alex Carey) ক্যাচ নিতে গিয়ে শ্রেয়স ডাইভ দেন। মাটিতে পড়ার পরেই দেখা দেয় তলপেটে তীব্র ব্যথা। পরে হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, প্লীহা (spleen) ছিঁড়ে গেছে এবং শুরু হয়েছে অভ্যন্তরীণ রক্তপাত। দ্রুত অস্ত্রোপচার করে যা বন্ধ করা হয়।
বিসিসিআই (BCCI) সূত্রে বলা হয়, ‘শ্রেয়স ফিল্ডিং করার সময় পেটে জোরে আঘাত পান। পরীক্ষায় দেখা যায়, প্লীহায় ছিঁড়ে যাওয়া অংশ থেকে রক্তপাত হচ্ছে। অস্ত্রোপচারের মাধ্যমে সেটি নিয়ন্ত্রণে এনে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।’
গত সপ্তাহেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শ্রেয়স। দেশে ফিরে এখন বিশ্রামে। চিকিৎসকরা জানিয়েছেন, সম্পূর্ণ ফিট হতে অন্তত আরও এক মাস সময় লাগবে। বোর্ডও তাঁকে কোনও তাড়াহুড়ো না করে পুরোপুরি সুস্থ হয়ে তবেই মাঠে ফেরার পরামর্শ দিয়েছে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘ওকে তাড়াতাড়ি ফিরিয়ে এনে কোনও ঝুঁকি নিতে চাই না। এখন সবচেয়ে জরুরি ওর পুরোপুরি সেরে ওঠা।’
ভারতের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হচ্ছে ১৪ নভেম্বর থেকে ইডেনে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। তার পর তিনটি ওয়ানডে হবে রাঁচি, রায়পুর ও বিশাখাপত্তনমে। কিন্তু যা পরিস্থিতি, তাতে এই সিরিজে শ্রেয়সকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
সোমবার ইনস্টাগ্রামে সৈকতের তীরে বসে থাকার ছবি শেয়ার করে শ্রেয়স লিখেছিলেন, ‘সূর্যের আলোই সেরা থেরাপি। ফিরে আসতে পেরে কৃতজ্ঞ।’ এই পোস্টে বোঝা গিয়েছে, শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে লড়াইয়ে ফেরার জন্য তৈরি হচ্ছেন তিনি।