সিডনির চিকিৎসক কোরুশ হাঘিগি ও ভারতের দীনশ পার্দিওয়ালার তত্ত্বাবধানে ছিলেন শ্রেয়স। সিডনিতেই সম্পূর্ণ চিকিৎসা শেষ হওয়ার পর এখন তিনি পর্যবেক্ষণে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

শ্রেয়স আইয়ার
শেষ আপডেট: 11 November 2025 11:35
দ্য ওয়াল ব্যুরো: প্রায় তিন সপ্তাহের নিঃস্তব্ধতা ভেঙে অবশেষে ইনস্টাগ্রামে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। অস্ট্রেলিয়ায় ভয়াবহ চোটের পর এই প্রথম নিজের ছবি শেয়ার করলেন তিনি। সৈকতে বসে গা এলিয়ে থাকা মুহূর্ত। পোস্টের ক্যাপশনে লেখা—‘সূর্যের আলোই সেরা থেরাপি। ফিরে আসতে পেরে কৃতজ্ঞ। ভালোবাসা আর যত্নের জন্য ধন্যবাদ।’
ছবিতে দেখা গিয়েছে, হালকা নীল রঙের বাকেট হ্যাট ও সানগ্লাস পরে হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন শ্রেয়স। কিছুদিন আগেই মর্মান্তিক ইনজুরি। ধাক্কা সামলে ওঠা ক্রিকেটারের এই পোস্টে স্বস্তি ফিরে পেয়েছেন তাঁর অনুরাগীরা।
গত ২৬ অক্টোবর সিডনিতে (Sydney) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে গুরুতর আহত হন শ্রেয়স। অ্যালেক্স ক্যারিকে (Alex Carey) আউট করতে ডাইভ দেওয়ার সময় বেকায়দায় সজোরে পড়ে যান তিনি। প্রথমে ধারণা করা হয়েছিল পাঁজরের চোট, কিন্তু হাসপাতালের পরীক্ষায় জানা যায় প্লীহা (spleen) ফেটে গেছে এবং ভিতরে রক্তপাত হচ্ছে। তৎক্ষণাৎ অস্ত্রোপচার। যার ফলে রক্তপাত বন্ধ হয়।
বিসিসিআই (BCCI) সেই সময় বলে, ‘তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় শ্রেয়স পেটে আঘাত পান। পরীক্ষায় দেখা গিয়েছে, প্লীহায় ছিঁড়ে যাওয়া অংশ থেকে অভ্যন্তরীণ রক্তপাত চলছে। দ্রুত অস্ত্রোপচারে রক্তপাত বন্ধ এবং তারপর উপযুক্ত চিকিৎসা দেওয়া হয়।’
সিডনির চিকিৎসক কোরুশ হাঘিগি ও ভারতের দীনশ পার্দিওয়ালার তত্ত্বাবধানে ছিলেন শ্রেয়স। সিডনিতেই সম্পূর্ণ চিকিৎসা শেষ হওয়ার পর এখন তিনি পর্যবেক্ষণে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
চোটের কারণে শ্রেয়সকে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে কলকাতায় শুরু হতে চলা দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে যেতে হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) একাধিকবার জানিয়েছেন, শ্রেয়সের অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি নিয়মিত সতীর্থদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
এমন পরিস্থিতিতে সাম্প্রতিকতম ছবিতে মানসিকভাবে আরও দৃঢ় হয়ে ফেরার ইঙ্গিত দিলেন শ্রেয়স আইয়ার। ক্রিকেটে প্রত্যাবর্তন এখনও দূরে, আপাতত ইনস্টাগ্রামের এই ছোট্ট পোস্টেই ভরসা পেয়েছেন অনুরাগীরা৷