ভারতীয় শিবিরও চাইছে, দীর্ঘমেয়াদে তাঁকে সুস্থ রাখতে। তাড়াহুড়ো করে মাঠে নামিয়ে ফের চোট বাড়ানোর ঝুঁকি নেওয়া হবে না। ফলে আপাতত অপেক্ষাই একমাত্র রাস্তা।

শ্রেয়স আইয়ার
শেষ আপডেট: 31 December 2025 11:09
দ্য ওয়াল ব্যুরো: বড় ধাক্কা ভারতের মিডল অর্ডারে। গুরুতর চোটের ধকল এখনও কাটেনি শ্রেয়স আইয়ারের। সেই কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের একদিনের সিরিজে তাঁকে পাওয়া যাবে না। জানুয়ারি ১১ থেকে শুরু হতে চলা এই টুর্নামেন্টের জন্য শ্রেয়সকে এখনও ছাড়পত্র দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
এখনও পুরোপুরি ফিট নন
অক্টোবরে ভারত–অস্ট্রেলিয়া একদিনের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ডাইভ দেওয়ার সময় মারাত্মকভাবে চোট পান শ্রেয়স। অ্যালেক্স ক্যারির (Alex Carey) ক্যাচ ধরতে গিয়ে প্লীহায় গুরুতর ক্ষত, সিডনির হাসপাতালে স্ক্যানের পর ধরা পড়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়, এমনকি বেশ কিছুদিন আইসিইউতেও থাকেন শ্রেয়স। পরবর্তীতে রক্তক্ষরণ নিয়ন্ত্রণে ছোট অস্ত্রোপচার চলে। অস্ট্রেলিয়া ও ভারতের চিকিৎসকদের কড়া নজরদারিতে ধীরে ধীরে অবস্থার উন্নতি। তারপরই আইয়ার দেশে ফেরেন।
দ্রুত ওজন কমেছে, ফিল্ডিংই বড় প্রশ্ন
চোট-পরবর্তী সময়ে শ্রেয়সের শরীরে বড়সড় পরিবর্তন এসেছে। টাইমস অব ইন্ডিয়া-র রিপোর্ট অনুযায়ী, ওজন কমেছে প্রায় ৬ কেজি। মূলত পেশির ভর হ্রাস যাওয়াই যার কারণ। আপাতত ব্যাটিং অনুশীলন শুরু করেছেন, কিন্তু পুরো ৫০ ওভারের ম্যাচে ফিল্ডিং করার মতো শারীরিক সক্ষমতা শ্রেয়স এখনও ফিরে পাননি। বোর্ডের এক সূত্রের স্পষ্ট দাবি, ‘শ্রেয়স স্কিল ট্রেনিং শুরু করেছে। ব্যাট করতে পারছে। কিন্তু ৫০ ওভারের ম্যাচে ফিল্ডিংয়ের ধকল কতটা নিতে পারবে, সেটা না দেখে মাঠে নামানোর ঝুঁকি নেওয়া অনুচিত!’ এই কারণেই শুধু নিউজিল্যান্ড সিরিজ নয়, বিজয় হাজারে ট্রফিতেও (Vijay Hazare Trophy) তাঁর খেলা এখনও অনিশ্চিত।
ফেরার রাস্তায় শ্রেয়স, তবে তাড়াহুড়ো নয়
আগে শোনা গিয়েছিল, সব ঠিকঠাক চললে জানুয়ারি ৩ ও ৬ তারিখে মুম্বইয়ের হয়ে বিজয় হাজারেতে খেলতে পারেন শ্রেয়স। নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দলে যোগ দেওয়ার সম্ভাবনাও ছিল। কিন্তু বাস্তবে চিকিৎসক ও বোর্ড কোনও ঝুঁকি নিতে নারাজ। একদিনের ক্রিকেটে দীর্ঘ সময় মাঠে থাকা, ডাইভ দেওয়া, থ্রো করা—এই সব কিছুর জন্য পেটের অংশে পুরো শক্তি ফিরে পাওয়া জরুরি। তাই শ্রেয়সের প্রত্যাবর্তন এখন পুরোপুরি নির্ভর করছে তাঁর শরীরের প্রতিক্রিয়ার উপর।
অন্যদিকে ভারতীয় শিবিরও চাইছে, দীর্ঘমেয়াদে তাঁকে সুস্থ রাখতে। তাড়াহুড়ো করে মাঠে নামিয়ে ফের চোট বাড়ানোর ঝুঁকি নেওয়া হবে না। ফলে আপাতত অপেক্ষাই একমাত্র রাস্তা।