পরবর্তী মেডিক্যাল বুলেটিনেই বোঝা যাবে, কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন শ্রেয়স আইয়ার এবং ঠিক কবে তাঁকে দেশে ফেরানোর ব্যবস্থা করা যাবে।

শ্রেয়স আইয়ার
শেষ আপডেট: 27 October 2025 12:30
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে (ODI) চোট পেয়ে হাসপাতালে ভর্তি টিম ইন্ডিয়ার (India) সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সিডনির (Sydney) এক বেসরকারি হাসপাতালে তিনি আপাতত আইসিইউ-তে (ICU) চিকিৎসাধীন। মেডিক্যাল টিম জানিয়েছে, বুকের ভিতরে আঘাতজনিত রক্তক্ষরণ দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। চিকিৎসকদের বক্তব্য, পরিস্থিতি এখন স্থিতিশীল হলেও চোট ‘গুরুতর’ এবং সামান্য দেরি হলে বিপদ আরও বাড়তে পারত।
শনিবার সিডনিতে তৃতীয় ওয়ানডে চলাকালীন অ্যালেক্স ক্যারির (Alex Carey) ক্যাচ নিতে গিয়ে পিছন দিকে দৌড়ে বল ধরার সময় বাম পাঁজরে (Rib Cage) চোট পান শ্রেয়স। মাঠ ছাড়ার পরই ব্যথা বাড়তে থাকায় তাঁকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পরীক্ষায় জানা যায়, আঘাতের জেরে ভিতরে রক্তপাত হচ্ছে। রিপোর্ট হাতে পাওয়ার পরই তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়।
বোর্ডের (BCCI) মেডিক্যাল টিম সূত্রে খবর, প্রথমে অনুমান করা হয়েছিল তিন সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন শ্রেয়স। কিন্তু অভ্যন্তরীণ রক্তক্ষরণ (Internal Bleeding) ধরা পড়ায় এখন আর নিশ্চিত সময় বলা যাচ্ছে না। চিকিৎসকরা অন্তত এক সপ্তাহ সিডনির হাসপাতালে পর্যবেক্ষণে রাখবেন। তারপর ধীরে ধীরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে, তিনি দেশে ফিরতে পারবেন কি না।
একজন চিকিৎসকের বক্তব্য উদ্ধৃত করে পিটিআই (PTI) বলেছে, ‘রক্তক্ষরণ বন্ধ রাখা সবচেয়ে জরুরি। সংক্রমণ (Infection) ছড়ানোর আশঙ্কা থাকায় তাঁকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয়। দুই থেকে সাত দিন পর্যবেক্ষণে রাখা হতে পারে। আপাতত অবস্থা স্থিতিশীল। তবে আঘাত বিপজ্জনক ছিল!’
ঘটনার পর টিম ডাক্তারের দ্রুত পদক্ষেপেই বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। ড্রেসিংরুমে ফেরা মাত্র রক্তচাপের ওঠানামা ও শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা দিলে আর দেরি না করে শ্রেয়সকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের বক্তব্য, জীবনসঙ্কট না থাকলেও পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি—কমপক্ষে এক মাসের আগে মাঠে ফেরা অসম্ভব।
চোটের প্রকৃতি বিবেচনায় মেডিক্যাল বোর্ড সতর্ক পদক্ষেপ নিচ্ছে। সিডনির চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। পরবর্তী মেডিক্যাল বুলেটিনেই বোঝা যাবে, কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন শ্রেয়স আইয়ার এবং ঠিক কবে তাঁকে দেশে ফেরানোর ব্যবস্থা করা যাবে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক।