নিউজিল্যান্ড সিরিজ আলাদা করে বড় কোনও টুর্নামেন্ট না হলেও, শ্রেয়সের প্রত্যাবর্তন ভারতের ৫০ ওভারের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ।

শ্রেয়স আইয়ার
শেষ আপডেট: 7 January 2026 18:51
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ চিকিৎসা ও পর্যবেক্ষণ পর্ব শেষ। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সবুজ সংকেত পেলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (BCCI) সেন্টার অফ এক্সেলেন্স (Centre of Excellence) থেকে আনুষ্ঠানিক ছাড়পত্র মিলেছে। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজেই ভারতের জার্সিতে মাঠে নামার পথে আর কোনও বাধা থাকল না।
৩১ বছরের মিডল-অর্ডার ব্যাটারকে আগেই স্কোয়াডে রাখা হলেও ‘ফিটনেস ক্লজ’ জুড়ে ছিল। নির্বাচক ও মেডিক্যাল টিমের বক্তব্য, প্রতিযোগিতামূলক ম্যাচে শরীরের প্রতিক্রিয়া কেমন হচ্ছে, তা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। সেই পরীক্ষাটাই সারা হল বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy)। মুম্বইয়ের হয়ে হিমাচল প্রদেশের বিরুদ্ধে চার নম্বরে নেমে ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলেন শ্রেয়স। ব্যাটিংয়ের সময় কিংবা ম্যাচের পর তাঁর শরীরে কোনও অস্বস্তির লক্ষণ ধরা পড়েনি। যা মেডিক্যাল টিমকে আশ্বস্ত করেছে। ফলে আগের পরিকল্পনা অনুযায়ী পাঞ্জাবের বিরুদ্ধে পরের ম্যাচ খেলার অপেক্ষা না করেই আগাম ছাড়পত্র দেওয়া হয়েছে।
শ্রেয়স আইয়ার শেষবার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন গত বছরের অক্টোবরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে তৃতীয় ওয়ানডেতে প্লীহায় (spleen) চোট পান। হাসপাতালে ভর্তি হতে হয়। ভয়ঙ্কর চোটই তাঁকে প্রায় তিন মাস মাঠের বাইরে রাখে। যে কারণে এজের পর এক নির্বাচনী দৌড় থেকে ছিটকে যান।
এবার তাঁর ফেরা মানে ভারতের মিডল অর্ডারে আত্মবিশ্বাস আর অভিজ্ঞতার কামব্যাক। শ্রেয়স দলে ফিরলে আবারও সহ-অধিনায়ক (vice-captain) ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। তাঁর অনুপস্থিতিতে চার নম্বরে সুযোগ পান ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। রায়পুরে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরিও করেছিলেন তিনি। কিন্তু শ্রেয়স ফিট হওয়ায় সেই স্লটের হিসেব নতুন করে ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে।
নিউজিল্যান্ড সিরিজ আলাদা করে বড় কোনও টুর্নামেন্ট না হলেও, শ্রেয়সের প্রত্যাবর্তন ভারতের ৫০ ওভারের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ। বড় ম্যাচে চাপ সামলানোর অভিজ্ঞতা, মিডল অর্ডারে ইনিংস গড়ার ক্ষমতা—এই সব মিলিয়ে তাঁকে ঘিরেই ভারতের দীর্ঘমেয়াদি ভাবনা। এখন দেখার, আন্তর্জাতিক মঞ্চে ফিরেই কত দ্রুত নিজের সেরা ছন্দে ধরা দেন শ্রেয়স।